বিয়ের আসর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, মিয়ানমারে বিমান হামলায় নিহত ৩০

ছবি: সংগৃহীত
শনিবার (২৮ নভেম্বর) প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাতে আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পৃথক দুটি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
স্থানীয় একটি সাহায্য সংস্থা জানিয়েছে, মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় মোয়ে বাই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় পাঁচ শিশুসহ ২১ জন নিহত হয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিলো ওই স্থানে। বিমান থেকে বোমা ফেলার পর সেখানে হতাহতদের উদ্ধার করতে গিয়ে তিনি ১৭টি মরদেহ দেখতে পান। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
বাস্তুচ্যুতদের সহায়তায় কাজ করা সংস্থা নওয়ে ওও ইয়াউং চি ফাউন্ডেশনের প্রধান জানিয়েছেন, হামলায় ৪০ জনের বেশি আহত হয়েছেন।
এদিকে শনিবার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি বাজারে পৃথক বিমান হামলায় নয়জন নিহত হয়েছেন। স্থানীয় একটি দাফন ও সৎকারকারী সংস্থার প্রধান হ্লা মাউং ওও এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির একটি প্রকাশিত ভিডিওতে স্থানীয় বাসিন্দাদের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। অন্য একটি স্থানে নিহতদের মরদেহের পাশে স্বজনদের আহাজারি করতেও দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধ মঠকে কেন্দ্র করে হামলা চালানো হয়। মিয়ানমারের নির্বাসিত জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) জানিয়েছে, ওই হামলায় নারী, শিশুসহ বেসামরিক নাগরিক ও পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা নিহত হয়েছেন।
২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, এ সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
এর আগে, ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক রায়ে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।
তবে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং জানিয়েছেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের যেসব অংশকে তার সরকার অনুপযুক্ত মনে করে, সেগুলো মেনে চলবে না।





