বিনোদন

ভারতে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে বিতর্ক, যে প্রশ্ন তুললেন আনিস আলমগীর

ভারতে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে বিতর্ক, যে প্রশ্ন তুললেন আনিস আলমগীর

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে উপমহাদেশের দর্শকদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে নাটকটির আবু বকর চরিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ধৈর্য, সহমর্মিতা, ভালোবাসা ও স্ত্রীর প্রতি সম্মানজনক আচরণের কারণে অনেক দর্শক চরিত্রটিকে দেখছেন ‘গ্রিন ফ্ল্যাগ’ পুরুষের উদাহরণ হিসেবে। তবে নাটকটির জনপ্রিয়তার পাশাপাশি ভারতে তৈরি হয়েছে নানা বিতর্কও।

এবার আলোচিত এই নাটক এবং তা ঘিরে ভারতের প্রতিক্রিয়া নিয়ে নিজের মতামত জানিয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,“ভারতীয়রা কতটা পাকিস্তান-আতঙ্কে ভুগছে, পাকিস্তানের একটি প্রেমের নাটককে ঘিরে তাদের মূল ধারার মিডিয়াতেও প্রতিক্রিয়া দেখলেই তা কিছুটা বোঝা যায়।”

আনিস আলমগীরের মতে, ‘দার-ই-নিজাত’ কেবল পাকিস্তানেই নয়, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানসহ উপমহাদেশের বিভিন্ন দেশে দর্শকপ্রিয়তা পেয়েছে। এমনকি চীনেও নাটকটির জনপ্রিয়তার কথা শুনেছেন বলে উল্লেখ করেছেন তিনি।

নাটকটির মূল চরিত্র আবু বকরকে নিয়ে নিজের পর্যবেক্ষণে আনিস আলমগীর লিখেছেন, চরিত্রটি নীরব, ধৈর্যশীল ও দায়িত্বশীল। স্ত্রীর সঙ্গে বিরোধে জড়ানোর বদলে তার কথা মনোযোগ দিয়ে শোনে এবং নিজের আগে স্ত্রীকে বোঝার চেষ্টা করে। নাটকে তার মায়ের চরিত্রটিও একজন আদর্শ শাশুড়ির উদাহরণ হিসেবে উঠে এসেছে। ধর্মীয় মূল্যবোধের মধ্য দিয়ে জীবনে প্রশান্তি ও মুক্তির পথ খোঁজার বার্তাও রয়েছে গল্পে।

তবে নাটকটির দর্শকপ্রিয়তা ভারতে বিতর্কের জন্ম দিয়েছে বলে নিজের পোস্টে উল্লেখ করেছেন এই সাংবাদিক। তার ভাষ্য অনুযায়ী, বেঙ্গালুরুতে নাটকটির ভক্তদের নিয়ে ওয়াচ পার্টির আয়োজন এবং সেখানে নারীদের পাকিস্তানি পোশাক পরার নির্দেশনা দেওয়ার খবর ঘিরে উত্তেজনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে স্ক্রিনিং বাতিলের খবরও সামনে আসে।

এ ছাড়া নাটকটিকে কেন্দ্র করে ‘লাভ জিহাদ’-এর মতো অভিযোগ, ২০০৮ সালের মুম্বাই হামলা, পহেলগামের হামলা, পাকিস্তানি অভিনেতা হামজা আলী আব্বাসী এবং দেশটির সামরিক জনসংযোগ সংস্থা আইএসপিআরের প্রসঙ্গও টেনে আনা হচ্ছে বলে লিখেছেন আনিস আলমগীর। এসব বিতর্কের মধ্য দিয়ে ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি কনটেন্ট বন্ধের দাবিও সামনে এসেছে।

এ নিয়ে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন,“প্রশ্ন হলো, একটি নাটক বা বিনোদনকে ঘিরে এত কড়াকড়ি ও উগ্রতা দেখানোর আগে নিজেদের কনটেন্টের দিকে তারা কি একবার তাকায়? ভারতীয় নাটক, সিনেমা ও ওয়েব সিরিজেও অতি-নাটকীয়তা, উসকানিমূলক আখ্যান, পরকীয়া, পারিবারিক কলহ এবং রাজনৈতিক ও উগ্র জাতীয়তাবাদী বক্তব্যের অতিরঞ্জিত চিত্রায়ন নিয়মিত দেখা যায়। সেগুলো নিয়ে তো এমন নিষেধাজ্ঞার দাবি ওঠে না!”

পাকিস্তানি নাটকের আন্তর্জাতিক দর্শকপ্রিয়তা বৃদ্ধিও ভারতের একাংশের অস্বস্তির কারণ হতে পারে বলে মনে করেন তিনি। আনিস আলমগীর লেখেন,“আমার মনে হয়, এর পেছনে আরেকটি কারণও কাজ করছে। উপমহাদেশের বাইরে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক দর্শকদের কাছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা বাড়ছে। বিনোদনজগতে পাকিস্তানের এই প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টাও কি ভারতীয়দের একাংশকে অস্বস্তিতে ফেলছে?

পোস্টের শেষাংশে তিনি সংস্কৃতি ও রাজনীতির সম্পর্ক নিয়ে লিখেছেন, বিনোদনের জগতে কনটেন্টের মান, গল্পের আবেদন ও দর্শকের পছন্দের চেয়ে জাতীয়তাবাদী রাজনীতির হিসাব বড় হয়ে উঠছে কি না, সেটিই এখন ভাবনার বিষয়। তার ভাষায়, সংস্কৃতির শক্তি সীমান্ত মানে না, কিন্তু সংকীর্ণ রাজনীতি সব সময় সংস্কৃতিকে সীমান্তে আটকে রাখতে চায়।

উমেরা আহমেদের লেখা ‘দার-ই-নিজাত’ পরিচালনা করেছেন সাকিব খান। এআরওয়াই ডিজিটালে প্রচারিত নাটকটিতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার এবং নারী প্রধান চরিত্রে রয়েছেন দুর-এ-ফিশান সেলিম। গত আগস্টে নাটকটির প্রচার শুরু হয়।

বিষয়:আনিস আলমগীর দার ই নিজাত নাটক পাকিস্তান ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…