ফুটবল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে উজ্জ্বল স্পেনের ‘নাম্বার ১০’, তাতে কেন আশাবাদী বার্সা কোচ ফ্লিক?

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে উজ্জ্বল স্পেনের ‘নাম্বার ১০’, তাতে কেন আশাবাদী বার্সা কোচ ফ্লিক?

অনূর্ধ্ব-১৭ ছেলেদের ফুটবল বিশ্বকাপে স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এব্রিমা তুঙ্কারা। মুগ্ধ বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও। ১৬ বর্ষী মিডফিল্ডার বার্সেলোনার দ্বিতীয় স্তরের দলে খেলেছেন। ক্লাবটির লা মাসিয়া একাডেমির উঠতি তারকাকে নিয়ে ভীষণ আশাবাদী কাতালানদের জার্মান কোচ ফ্লিক।

বৃহস্পতিবার কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে তুঙ্কারার গোলে মরক্কোকে ২-০তে হারিয়েছে স্পেন। গ্রুপে সবকয়টি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব বত্রিশে জায়গা করে নিয়েছে দেশটি। বার্সেলোনার কোচ তুঙ্কারার খেলা দেখে বলেছেন, লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

২০২৫/২৬ মৌসুমেই ফ্লিকের অধীনে তুঙ্কারা বার্সার মূল দলের সঙ্গে অনুশীলনের জন্য ডাক পেয়েছিলেন। তবে সে সময় ক্লাব ও কোচ বিষয়টি গোপন রাখে। বিষয়টি সামনে এনে ফ্লিক আশাবাদী থাকছেন।

দেপোর্তিভো করুনার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তুঙ্কারাকে নিয়ে কথা বলেন ফ্লিক। জার্মান কোচ বলেছেন, ‘আমার মতে, এব্রিমা একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। গত মৌসুমে যখন আমাদের সাথে অনুশীলন করেছিল, তখন তাকে দেখেছি। এবছরের প্রাক-মৌসুমেও দেখেছি। একজন চমৎকার খেলোয়াড়, অসাধারণ প্রতিভা। খুব বেশি কিছু বলতে চাই না, কিন্তু আমার মনে হয় এই ক্লাবে তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’

তুঙ্কারা সাত বছর বয়সে গাম্বিয়া থেকে কাতালোনিয়ায় চলে আসেন। আট বছর বয়সে বার্সার লা মাসিয়া একাডেমিতে যোগ দেন। অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আলাভেসের বিপক্ষে বিশ্বকাপের আগে লা লিগার ম্যাচগুলোতে বেঞ্চে ছিলেন। যদিও কোনটিতেই মাঠে নামার সুযোগ পাননি। এখনও বার্সার হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্পেনের উদ্বোধনী ম্যাচে চীনের বিপক্ষে ৫-০ গোলের জয়ে তিনি একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন। কিন্তু লা রোজা দলে বেশ কিছু পরিবর্তন আনায় ফিজির বিপক্ষে ১৫-০ গোলের জয়ের ম্যাচে বাদ পড়েন। শুক্রবার মরক্কোর বিপক্ষে ম্যাচে দলে ফিরে উদ্বোধনী গোলটি করেন। স্পেন সোমবার রাউন্ড অব বত্রিশে উজবেকিস্তানের মুখোমুখি হবে।

দেপোর্তিভো করুনার মাঠে রোববার বাংলাদেশ সময় রাত ৯:১৫ মিনিটে নামবে বার্সেলোনা। ক্লাবটির লক্ষ্য এখন শুধু জয় নয়, টেবিলের শীর্ষ স্থানে ধরে রেখে হ্যাটট্রিক লা লিগা শিরোপা জেতা।

বিষয়:অনূর্ধ্ব ১৯ বিশকাপ-২০২৬ বার্সেলোনা স্পেন হ্যান্সি ফ্লিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…