আন্তর্জাতিক

খামারবাড়ি, গুদাম এমনকি মাটির নিচে লুকানো ছিল কোটি কোটি ডলার

খামারবাড়ি, গুদাম এমনকি মাটির নিচে লুকানো ছিল কোটি কোটি ডলার

সংগৃহীত

হাঙ্গেরির সদ্য সাবেক ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের অভিযোগে তদন্ত করতে গিয়ে প্রায় ২ কোটি ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া অর্থের একাংশ খামারবাড়ি ও গুদামঘরে লুকিয়ে রাখা হয়েছিল। বাকি অর্থের কিছু অংশ নিকটবর্তী বনের ভেতরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্নীতির পৃথক দুটি মামলায় অরবান সরকারের সাবেক দুই মন্ত্রী মিক্লোশ সেসতাক ও বালাজ হাঙ্কো এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান জ্যোর্জ মাতোলচি বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

চলতি বছরের এপ্রিলের জাতীয় নির্বাচনে টানা ১৬ বছর ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবানকে পরাজিত করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী হন পেতের মদিয়র। ক্ষমতায় আসার পর অরবানের আমলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির সম্পর্কে তৈরি হওয়া দূরত্ব কমানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে মানব পাচারের একটি মামলায় অরবানের ভাইকেও আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে তার ভাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছেন অরবান।

নতুন সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মদিয়র এ অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন পারগেটরি’। চলতি সপ্তাহে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, হাঙ্গেরির ৭০ শতাংশ মানুষ এ অভিযানকে ‘খুবই জরুরি’ বলে মনে করছেন।

শুক্রবার রাতে দেশটির জাতীয় সম্পদ উদ্ধার ও সুরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানায়, তদন্তকারীরা তল্লাশি চালিয়ে একটি খামারের বিভিন্ন ভবন, গুদামঘর, একটি বাড়ি ও নির্জন স্থানে অত্যন্ত সুরক্ষিত সিন্দুকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নগদ অর্থ খুঁজে পেয়েছেন। এ ছাড়া কাছের একটি বনের মাটির নিচেও পুঁতে রাখা অর্থ উদ্ধার করা হয়েছে।

হাঙ্গেরির অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান জানান, উদ্ধার করা অর্থের মধ্যে রয়েছে ৫০৭ কোটি ফরিন্ট, যার মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ডলার। এ ছাড়া ২৬ লাখ ৬০ হাজার ইউরো, যার মূল্য প্রায় ২৯ লাখ ৩০ হাজার ডলার এবং ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এসব অর্থ গুনতে পাঁচটি টাকা গোনার মেশিন ব্যবহার করতে হয়েছে। রাষ্ট্রীয় কোষাগারের ১২ জন কর্মীকে এ কাজে টানা আট ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছে।

মিক্লোশ সেসতাক ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অরবান সরকারের উন্নয়নমন্ত্রী ছিলেন। তবে নিজের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থকে অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের দুর্নীতির প্রতীক হিসেবে দেখছেন নতুন প্রধানমন্ত্রী পেতের মদিয়র। তার ভাষায়, এসব অর্থ উদ্ধারের ঘটনা অরবানের ডানপন্থি ফিদেজ পার্টি ও তাদের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট মিত্রদের নেতৃত্বাধীন একটি ‘মাফিয়া’ শাসনের অবসান নির্দেশ করছে।

রাষ্ট্রবিজ্ঞানী গাবোর তোরোকের মতে, বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ছবিগুলো সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। তার ধারণা, এ ঘটনা ফিদেজ পার্টির জন্য বড় রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।

সাম্প্রতিক এক জরিপেও দলটির জনসমর্থনে বড় ধরনের পতনের চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, নির্বাচনের আগের তুলনায় নভেম্বরে ফিদেজ পার্টির জনসমর্থন অর্ধেকে নেমে ১৬ শতাংশে দাঁড়িয়েছে।

বিষয়:অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান ঘুষের টাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মন্ত্রী মিক্লোশ সেসতাক হাঙ্গেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…