জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত
জয়পুরহাট শহরে ট্রেনের ধাক্কায় সুভাষ উড়াও (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে শহরের দেওয়ানপাড়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুভাষ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তিনি শহরের চিত্রাপাড়া এলাকার সন্তোষ উড়াওয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাতে শহরের দেওয়ানপাড়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন সুভাষ। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন ‘তিতুমীর এক্সপ্রেস’ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে রেললাইনের ওপর যেহেতু দুর্ঘটনাস্থল সেহেতু এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধারসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।






