প্রখ্যাত চিত্রশিল্পী, নাট্যনির্দেশক ও শিল্পগবেষক মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তার সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন তিনি।
কিছুদিন আগে চিকিৎসার জন্য মুস্তাফা মনোয়ার ভারতের দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। সম্প্রতি তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ৭ সেপ্টেম্বর শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। এ দেশে পাপেট শিল্পের বিপ্লব ঘটেছে তার হাত ধরেই। একারণে তাকে ‘পাপেটম্যান’ হিসেবে অভিহিত করা হয়।







