বিনোদন

জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীর একক চিত্রপ্রদর্শনী

জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীর একক চিত্রপ্রদর্শনী

জাপানের ইয়োকোহামার গ্যালারি শিমিজুতে শুরু হয়েছে বাংলাদেশের চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘ডট: দ্য বিগিনিং অব এভরিথিং’। ‘বিন্দু থেকে সৃষ্টি’ শিরোনামের এ প্রদর্শনীতে স্থান পেয়েছে তার ৪১টি চিত্রকর্ম।

নারীমুখ, শাপলা, শাড়ির অলংকরণ, লোকজ জীবন ও বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় উঠে এসেছে এসব কাজে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপানের মাৎসুদো সিটি কাউন্সিলর মির কাজুএ।

এ সময় উপস্থিত ছিলেন জাপানি চিত্রশিল্পী ও ইয়োকোহামা পোর্ট ইন্ডিপেনডেন্ট প্রদর্শনীর উপদেষ্টা আসানো ইয়াসুনোরি, পেপার কাটিং শিল্পী মিতা চিকাকো এবং গ্যালারি শিমিজুর প্রতিনিধি শিমিজু কাজুএ। প্রদর্শনী চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

প্রদর্শনীর শিরোনামের সঙ্গে নিজের শিল্পভাবনার যোগসূত্র ব্যাখ্যা করেছেন কামরুল হাসান লিপু। একটি বিন্দু থেকে রেখা, রেখা থেকে আকার এবং আকারের মধ্য দিয়ে দৃশ্যমান জগতের বিস্তার; এই ধারণার সঙ্গে তার শিল্পযাত্রার বিভিন্ন পর্যায় যুক্ত হয়েছে। শৈশবের আঁকাআঁকি, দীর্ঘদিনের চর্চা এবং বাংলাদেশ ও জাপানে বসবাসের অভিজ্ঞতা মিলেছে প্রদর্শনীর চিত্রকর্মগুলোতে।

শিল্পীর চিত্রভাষায় নারীমুখ অন্যতম প্রধান বিষয়। শাড়ির ভাঁজ, অলংকার, খোঁপার ফুল ও মুখের অভিব্যক্তিতে ফুটে উঠেছে বাংলার পরিচিত জীবনের ছাপ। এসব কাজে সৌন্দর্যের পাশাপাশি আত্মমর্যাদা, সংবেদনশীলতা ও মানসিক দৃঢ়তার অনুভব রয়েছে।

দ্য বেদে গার্ল, মাধবী, মৃণালিনী ও ‘বিয়ন্ড দ্য ব্লু’ শিরোনামের চিত্রকর্মে নারীমুখকে ঘিরে তার অনুসন্ধানের বিভিন্ন দিক উঠে এসেছে।

অ্যাক্রিলিক, তেলরং ও মিশ্রমাধ্যমে তৈরি চিত্রকর্মগুলোতে কখনো দৃশ্যমান অবয়ব, কখনো বিমূর্ততার প্রকাশ ঘটিয়েছেন কামরুল হাসান লিপু। রঙের স্তর, মুক্তরেখা, আঁচড় ও টেক্সচারের ব্যবহারে বিষয় ও অনুভূতির ভিন্ন ভিন্ন রূপ ফুটে উঠেছে।

প্রদর্শনীর ক্যাটালগে বার্তা দিয়েছেন শিল্পী রফিকুন নবী, জামাল আহমেদ, অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ এবং জাপানি গ্রাফিক ডিজাইনার ও শিল্পসমালোচক ইকুফুমি ফুকুজাওয়া। তাদের মূল্যায়নে শিল্পীর নিয়মিত চর্চা, রং ও টেক্সচারের ব্যবহার, সাংস্কৃতিক স্মৃতি এবং শিল্পের নানা পরীক্ষা-নিরীক্ষার বিষয় উঠে এসেছে।

গ্যালারি শিমিজুতে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে। শেষ দিন ২৫ অক্টোবর (রবিবার) বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এটি।

বিষয়:ইয়োকোহামা কামরুল হাসান লিপু চিত্রশিল্পী জাপান দ্য বেদে গার্ল মাধবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…