হুমায়ূননামায় হুমায়ূনস্মরণ

‘নন্দিত নরকে’ যার আবির্ভাব, ‘শঙ্খনীল কারাগার’-এ যার জীবনবোধ, ‘এইসব দিনরাত্রি’ পেরিয়ে ‘নক্ষত্রের রাতে’ যাকে খুঁজে ফেরে মানুষ, তিনি হুমায়ূন আহমেদ। ‘মেঘ বলেছে যাব যাব’, কিন্তু তিনি গেলেও চলে যাননি। ‘কোথাও কেউ নেই’, তবু তিনি আছেন।
কখনো ‘ময়ূরাক্ষীর তীরে’, কখনো ‘দারুচিনি দ্বীপে’, কখনো ‘শ্রাবণ মেঘের দিনে’, আবার কখনো ‘জল জোছনার’ অপার্থিব আলোয়। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলি, শুভ্র কিংবা রূপা আজও হেঁটে বেড়ায় কল্পনার জগতে।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্ম নেওয়া এই কথাশিল্পী বাংলা সাহিত্যকে শুধু সমৃদ্ধ করেননি, তৈরি করেছেন পাঠকের এক বিশাল ভুবন। ২০১২ সালের ১৯ জুলাই তার জীবনাবসান হলেও তার সৃষ্টির আবেদন এতটুকু ফুরোয়নি। ২০২৬ সালের ১৩ নভেম্বর তার ৭৮তম জন্মবার্ষিকীতে ফিরে দেখা সেই আশ্চর্য সাহিত্যজগৎ, যেখানে গল্পের সঙ্গে জীবন আর কল্পনার সঙ্গে বাস্তবতা মিলেমিশে একাকার।
মধ্যবিত্ত জীবনের সুউচ্চের লেখক তিনি। ‘আমাদের শাদা বাড়ি’তে যে সংসারের স্বপ্ন, ‘অপেক্ষা’য় তারই দীর্ঘশ্বাস। কখনো ‘কৃষ্ণপক্ষ’ নেমে আসে জীবনে, কখনো ‘আকাশ জোড়া মেঘ’। আবার ‘মেঘ বলেছে যাব যাব’ শুনেও মানুষ অপেক্ষায় থাকা। হয়তো একদিন ‘এই মেঘ’, ‘রৌদ্রছায়া’ পেরিয়ে নতুন আলো।
‘প্রিয়তমেষু’ বলে যাকে ডাকা যায় না, তার জন্যও হৃদয়ের গোপন আকুতি। ‘আজ চিত্রার বিয়ে’তে যে আনন্দের আয়োজন, তার আড়ালে লুকিয়ে থাকা এক জীবনের না-পাওয়া। ‘আমার আছে জল’, কিন্তু তৃষ্ণা কি তাতে মেটে? ‘বৃষ্টিবিলাস’ কিংবা ‘শ্রাবণ মেঘের দিন’ তাই হুমায়ূনের সাহিত্যে কেবল প্রকৃতির অনুষঙ্গ নয়, মানুষের অন্তর্গত আবেগেরও রূপক।
তার গল্পের মানুষেরা বড় সাধারণ। কেউ নিঃসঙ্গ, কেউ স্বপ্নবিলাসী, কেউ অভিমানী, কেউবা চিরকাল অপেক্ষমাণ। এই সাধারণ মানুষগুলোর মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন অসাধারণ সব গল্প। ‘সাজঘর’ থেকে ‘লীলাবতী’, ‘কবি’ থেকে ‘গৌরীপুর জংশন’; জীবনের কত বিচিত্র পথ, কত অচেনা মানুষ।
তারপর একদিন পথে নেমে আসে হলুদ পাঞ্জাবি পরা এক যুবক। তার নাম ‘হিমু’। ‘ময়ূরাক্ষী’ দিয়ে যে রহস্যময় যাত্রার শুরু, তা কখনো ‘দরজার ওপাশে’, কখনো ‘পারাপার’, কখনো হিমুর ‘দ্বিতীয় প্রহর’ হয়ে পৌঁছে যায় ‘হিমুর রূপালি রাত্রি’তে। ‘হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম’, কিন্তু সেই ফুল কার জন্য? রূপার জন্য, নাকি কোনো অধরা ভালোবাসার জন্য?
হিমুর সঙ্গে চলে যায় ‘বসন্তের দিন’, ‘সে আসে ধীরে’, তবু পথচলা থামে না। ‘আজ হিমুর বিয়ে’, এমন ঘোষণাতেও তাই প্রশ্ন অনেক।
তখন আরেক প্রান্তে দাঁড়িয়ে থাকেন মিসির আলি। ‘দেবী’র রহস্য, ‘নিশীথিনী’র অন্ধকার, ‘বৃহন্নলা’র জটিলতা কিংবা ‘অন্য ভুবন’-এর অজানা জগৎ।
একদিকে হিমু, অন্যদিকে মিসির আলি। মাঝখানে শুভ্রর নিষ্পাপ পৃথিবী। ‘দারুচিনি দ্বীপ’-এর স্বপ্ন নিয়ে তরুণেরা জীবনকে দেখতে চায় ‘অন্য চোখে’।
‘১৯৭১’-এ ‘ আগুনের পরশমণি’-তে ‘অনিল বাগচীর একদিন’ ‘শ্যামল ছায়া’ হয়ে ‘জোছনা ও জননীর গল্প’।
বইয়ের পাতা ছাড়িয়ে একসময় টেলিভিশনের পর্দায় ‘এইসব দিনরাত্রি’। ‘বহুব্রীহি’তে হাস্যরসের পাশে ‘অয়োময়’-এর অতীতের এক ভিন্ন জগত।
সব ‘নক্ষত্রের রা ‘-এই ‘আজ রবিবার’ হয় না। তবু সিনেমার পর্দার ‘দুই দুয়ারী’ হয়ে ‘চন্দ্রকথা’য় ‘শ্যামল ছায়া’র ‘নয় নম্বর বিপদ সংকেত’-এ ‘ঘেটুপুত্র কমলা’।
কল্পনার সঙ্গে থাকে কল্পবিজ্ঞান। তাই ‘তোমাদের জন্য ভালোবাসা’য় ‘ফিহা সমীকরণ’ কিংবা ‘ওমেগা পয়েন্ট’ বা ‘দ্বিতীয় মানব’। এর মধ্যেই ‘বোতল ভূত’ কিংবা ‘পুতুল’এর আগমন।
নিজেরও গল্প থাকে, তারও ছিল। ‘আমার ছেলেবেলা’, ‘এই আমি, বলপয়েন্ট’, ‘ফাউন্টেনপেন’ আর ‘রংপেন্সিল’-এ আমাদের সকলের স্মৃতিমেদুর শৈশব, জীবনের বিচিত্র অভিজ্ঞতা, হাস্যরস।
হুমায়ূন নেই তাই মনে হয় ‘কোথাও কেউ নেই’। কিন্তু আসলে হুমায়ূন আছেন। তার বইয়ে, তার চরিত্রে, তার গল্পে। এইসব দিনরাত্রি পেরিয়ে, নক্ষত্রের রাতে, জল জোছনার মায়ায় তিনি থাকবেন বাংলা সাহিত্যের পাঠকের হৃদয়ে।






