বাংলাদেশ

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ বৈঠক হওয়ার কথা ছিল।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। এর প্রভাবেই নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানা যায়।

পঞ্চম দফার এ সংলাপ ঢাকায় আয়োজনের বিষয়ে দুই দেশ সম্মত হয়েছিল। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও দেশে ফেরানো এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার কথা ছিল।

২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এরপর দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়। এবার পঞ্চম দফার সংলাপ ঢাকায় হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হলো।

বিষয়:কনস্যুলার সংলাপ বাংলাদেশ-ভারত স্থগিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…