কুড়িগ্রামে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মীর মৃত্যু

দুর্ঘটনার স্থান
কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস রহমান চিলমারী উপজেলার নয়ারহাট গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস রহমান মোটর সাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বাইমমারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



