নদী, জীবন ও সময়ের গল্প নিয়ে রাশিদ খানের ‘নদীলিপি’
৫ নভেম্বর থেকে বনানীর ঢাকা গ্যালারিতে শুরু হবে প্রদর্শনীটি, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত

নদী কি শুধুই প্রবাহমান জলধারা, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন, স্মৃতি, সংস্কৃতি ও সময়ের গল্প? নদীকে ঘিরে এমন নানা ভাবনা নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি: দ্য রিভার স্ক্রিপ্ট’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় বনানীর ঢাকা গ্যালারিতে শুরু হবে প্রদর্শনীটি। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
‘নদীলিপি’তে নদীকে কেবল প্রকৃতির একটি উপাদান হিসেবে নয়, বরং মানুষের অন্তর্জগৎ, স্মৃতি, অনুভূতি ও সময়ের প্রবাহের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী। এখানে নদী কখনো জলধারা, কখনো দিগন্তজোড়া রেখা, কখনো নদীপারের জনপদ। নদীকে ঘিরে মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি এবং সভ্যতার এগিয়ে চলার গল্পও উঠে এসেছে তার চিত্রকর্মে।
চিত্রকর্মের পাশাপাশি প্রদর্শনীতে থাকছে শিল্পীর ভাবনা ও শব্দের প্রকাশ। এর কিউরেটোরিয়াল অনুসন্ধান ও লেখায় যুক্ত রয়েছেন জাভেদ জলিল (জে জে)।
প্রদর্শনীকে ঘিরে থাকছে আরও কিছু বিশেষ আয়োজন। নির্ধারিত কয়েকটি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘নদী কথা’, ‘নদী গান’, ‘নদী সাহিত্য’, ‘নদী গল্প’, ‘নদী সুর’, ‘নদী পাঠ’ ও ‘নদীলিপি’ শীর্ষক আড্ডা ও অনুষ্ঠান। এ ছাড়া ১০ নভেম্বর বিকেল ৩টায় জাভেদ জলিলের পরিচালনায় অনুষ্ঠিত হবে বিশেষ আর্ট ওয়ার্কশপ ‘আর্ট ইন এভরিডে লাইফ’।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, চিত্রকর্মের সঙ্গে কথা, সাহিত্য, সুর ও শব্দকে যুক্ত করে নদীকে দেখার এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য। ‘নদীলিপি: দ্য রিভার স্ক্রিপ্ট’ মূলত ‘আমাদের নদীগল্প’ ভাবনার প্রথম প্রকাশ।
চিত্রশিল্পী রাশিদ খান একজন সংগীতশিল্পী এবং ক্রিয়েটোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৯৩ সাল থেকে নিয়মিত চিত্রচর্চা করছেন তিনি। ঢাকা, সিডনি, মেলবোর্ন ও মায়ামিতে তার একক ও যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে, জাভেদ জলিল ঢাকাভিত্তিক চিত্রশিল্পী, শিল্পলেখক ও কিউরেটোরিয়াল অনুসন্ধানী। যুক্তরাষ্ট্রে আর্ট প্র্যাকটিস বিষয়ে পড়াশোনার অভিজ্ঞতা নিয়ে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনী ও শিল্প আয়োজনে কাজ করেছেন। তার কাজের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও আয়োজনের মধ্যে রয়েছে কালাকেন্দ্র, ইএমকে সেন্টার, অ্যালিয়ঁস ফ্রঁসেজ এবং কলকাতার তাজ বেঙ্গল।
ঢাকার বনানীর বাড়ি ৪৪, সড়ক ১২, ব্লক ই-তে অবস্থিত ঢাকা গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীতে দর্শকের সামনে নদীকে দেখার পাশাপাশি নদীর ভেতর দিয়ে নিজের জীবন ও সময়কে নতুন করে আবিষ্কারের সুযোগ তৈরি হবে।





