সাফে ক্রীড়া সাংবাদিকদের উপর পুলিশের হামলা, বিচার নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর স্টেডিয়ামে কর্মরত সাংবাদিকদের উপর হামলা করেছিল পুলিশ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং পুলিশের বিচারের দাবিতে দেশের শীর্ষ তিন ক্রীড়া সংগঠন বিবৃতি দিয়েছে। বিষয়টি জানার পর মর্মাহত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
একটি ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘গতকালকের যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমি বলব এটি কখনোই কাম্য ছিল না, এমন একটি ঘটনা ঘটবে। তাও আবার সাংবাদিকদের সাথে। আমি মনে করি, যদি একজন সাধারণ মানুষের সাথেও ঘটতো সেটাকেও আমরা কখনো গ্রহণ করতাম না।’
‘ঘটনা শোনা মাত্রই আমি তাৎক্ষণিকভাবে পুলিশ কমিশনারকে বলেছি। পুলিশ কমিশনার সাথে সাথে তার জায়গা থেকে প্রাথমিক যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার তিনি সেটি করেছেন। ইতিমধ্যে তাকে বলা হয়েছে, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন যে বা যিনি কাজটির সাথে জড়িত ছিলেন। তিনি আমাকে আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের ভেতরে এর তদন্তপূর্বক যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’
স্বরাষ্ট্রমন্ত্রীও বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি আশা করছি যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে আমি ব্যক্তিগতভাবে খেয়াল রাখব। আশা করছি আমাদের পুলিশ কমিশনার এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখবেন। খেলার মাঠে ক্রিড়া সাংবাদিক কিংবা পুলিশের সাথে বা সাধারণ মানুষের সাথে কখনোই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ঘটে সেদিকে আমিও বেশি নজরদারি রাখবো।’
সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দায়িত্ব পালনকালে পুলিশের হামলার শিকার হন ক্রীড়া সাংবাদিকেরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)। হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি ক্রীড়া সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবিও জানিয়েছে সংগঠন তিনটি।




