আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে সাদা পোশাকে শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন মুশফিকুর রহিম। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে মাইলফলকের ম্যাচে সেঞ্চুরির কীর্তিও গড়েছেন। দ্বিতীয় ইনিংসে ফিফটি করে ছিলেন অপরাজিত। দারুণ পারফর্ম করে হয়েছেন ম্যাচসেরা। পরে জানালেন, টেস্ট ক্যারিয়ারটা আরও দীর্ঘ করতে চান।
মিরপুরে প্রথম ইনিংসে ১০৬ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতেছে ২১৭ রানে। পরে পুরস্কার বিতরণীতে এসে মুশফিক জানালেন মনের কথা।
ওয়ানডে ও টি-টুয়েন্টিকে আগেই বিদায় বলে দেয়া মুশফিক সাদা পোশাকে বেশ উপভোগ করছেন। ৩৮ বর্ষী তারকা বললেন, ‘আরও খেলতে চাই। প্রতিটি মুহূর্ত সত্যিই উপভোগ করেছি, ১০০টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে এবং প্রতিটি সেকেন্ড উপভোগ করেছি।’
অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি ভালো দল হবে, আশা মুশফিকের। বলেছেন, ‘(তরুণদের সঙ্গে) ড্রেসিংরুম ভাগাভাগি করে নেয়ার সৌভাগ্য হয়েছে এবং অদূর ভবিষ্যতে আমাদের একটি দুর্দান্ত দল হবে। তরুণদের পথ দেখানো আমার দায়িত্ব। কেবল সর্বোচ্চ চেষ্টাটা করি এবং আশা করি তারা শুধু আমার কাছ থেকে নয়, অন্য খেলোয়াড়দের থেকেও অনেককিছু শিখবে। নতুন ক্যাপ থেকেও আমাদের কিছু রঙ বের করা দরকার।’







