রাজনীতি

কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ফয়সাল আহমেদের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা

কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ফয়সাল আহমেদের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা

বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের নেতৃত্বে তিনি মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের মহাব্যবস্থাপক মৃণাল কান্তি বিশ্বাস, বাংলাপোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা ফেরদৌস আহমেদ, ছাত্রদল নেতা শাহান আহমেদসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের কৃতী সন্তান ফয়সাল আহমেদ চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কানাডা বিএনপির সাবেক সভাপতি। দলের কঠিন সময়ে তিনি প্রবাসে বিএনপির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে ওয়ান-ইলেভেনের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে আন্তর্জাতিক অঙ্গনে প্রচার ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। কানাডার পার্লামেন্টেও এ বিষয়ে দাবি তুলে ধরেছিলেন বলে জানান তার শুভাকাঙ্ক্ষীরা।

ফয়সাল আহমেদ চৌধুরীকে বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন কানাডাপ্রবাসী জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা।

এ উপলক্ষে মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার এক বার্তায় বলেন, ফয়সাল আহমেদ চৌধুরীর এই মূল্যায়ন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অবদানের স্বীকৃতি। মৌলভীবাজারবাসী এবং প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

এ ছাড়া বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় ফয়সাল আহমেদ চৌধুরীকে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

বিষয়:জিয়ার মাজারে শ্রদ্ধা ফয়সাল আহমেদ চৌধুরী বাংলাদেশ সমবায় ব্যাংক
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…