ক্রিকেট

শেষদিনের রোমাঞ্চে গড়াল বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, কে এগিয়ে থাকল?

শেষদিনের রোমাঞ্চে গড়াল বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, কে এগিয়ে থাকল?

লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে চতুর্থ দিনের শুরুটা ছিল দুর্দান্ত। দ্বিতীয় সেশনের শুরুর দিকে পাহাড়সম লক্ষ্য দিয়ে আফগানদের ব্যাটে পাঠায় বাংলাদেশ। ইবাদত হোসেন ও হাসান মাহমুদ শুরুতেই দুটি শিকার আনলেও প্রতিরোধ গড়েন রহমত শাহ ও সেদিকউল্লাহ অটল। অবশ্য শেষ বিকেলে রহমতকে ফিরিয়ে স্বস্তি ফেরান ইবাদত। তবে আবুধাবি টেস্টের রোমাঞ্চ গড়াল পঞ্চম দিনে, এখনও সাড়ে তিনশোর কাছাকাছি রানে এগিয়ে থেকে চালকের আসনে টিম টাইগার্স।

শুক্রবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৯২.৩ ওভারে ৩৪৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নেমে ৮৯.১ ওভারে ২৪০ রানে থামে আফগানিস্তান। ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১০৫.২ ওভারে ৭ উইকেটে ৩৭২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সবমিলিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৪৭৮ রান। ৪৭৯ রানের লক্ষ্যে নেমে ৫০ ওভারে ৩ উইকেটে ১৩২ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান। জিততে তাদের এখনও করতে হবে ৩৪৭ রান, হাতে উইকেট ৭টি এবং পঞ্চম দিনের পুরোটা। সেদিকউল্লাহ অটল ৩৫ রান এবং হাশমতউল্লাহ শাহিদী ১৯ রানে শুরু করবেন।

পাহাড়সম রানের লক্ষ্যে নেমে ইনিংসের সপ্তম বলে উইকেট হারায় আফগানিস্তান। ২ রান করে ইবাদতের শিকার হন আব্দুল মালিক। ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। শহিদউল্লাহকে ফেরান হাসান। ১৯ বলে ১৯ রান করে ফেরেন।

তৃতীয় উইকেটে রহমত শাহ ও অটল মিলে যোগ করেন ৮২ রান। ৪২.১ ওভারে দলীয় ১১০ রানে রহমতকে ফেরান ইবাদত। ১২৪ বলে ৫১ রান করেন। পরে অটল ও হাশমতউল্লাহ মিলে দিনের খেলা শেষ করেন।

দ্বিতীয় ইনিংসে ইবাদত ২ উইকেট ও হাসান মাহমুদ ১ উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ তামিম। ৭১ বলে ৮৩ রান করেন। সাদমান ইসলাম ৬৭, লিটন দাস ৫৩, মুমিনুল হক ৩৯, নাঈম হাসান ৩৫*, শান্ত ২৯ এবং মিরাজ ২৪ রান করেন।

আফগান বোলারদের হয়ে মোহাম্মদ সালেম ৪ উইকেট নেন। ইয়ামিন আহমদজাই ৩টি ও ইসমাত আলম নেন দুটি উইকেট। এছাড়া কাইস আহমেদ নেন একটি উইকেট।

জবাবে নেমে প্রথম ইনিংসে আফগান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন রহমত শাহ। ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৬২ রান করেন আব্দুল মালিক। ইকরাম আলি খিল ৩২ এবং শহিদউল্লাহ ২০ রান করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে হাসান হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। ইবাদত নেন ৪ উইকেট। এছাড়া মিরাজ নেন একটি।

১০৬ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি করেন লিটন দাস। লিটন ১১৬ বলে ১৪ চারে ১০২ রান করেন। শান্ত ৮২, মুশফিকুর রহিম ৮১, মিরাজ ৫২*, তানজিদ তামিম ৩১ এবং সাদমান ইসলাম ১৩ রান করেন।

আফগানিস্তান বোলারদের মধ্যে ইয়ামিন আহমদজাই, মোহাম্মদ সালেম ও জিয়া-উর-রহমান নেন দুটি করে উইকেট। কাইস আহমেদ নেন ১ উইকেট।

বিষয়:আফগানিস্তান আবুধাবি টেস্ট ইবাদত বাংলাদেশ মিরাজ মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…