ক্রিকেট

শেষদিনে স্পিনারদের নিয়ে কতটা আশাবাদী, জানিয়ে দিলেন লিটন

শেষদিনে স্পিনারদের নিয়ে কতটা আশাবাদী, জানিয়ে দিলেন লিটন

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। ব্যাট হাতে সেঞ্চুরি করে দলকে এগিয়ে নেওয়ার পর এবার পঞ্চম দিনে স্পিনারদের দিকে তাকিয়ে লিটন দাস। তার বিশ্বাস, উইকেট থেকে কিছুটা সহায়তা পেলে শেষ দিনে আরও কার্যকর হয়ে উঠবেন বাংলাদেশের স্পিনাররা।

চতুর্থ দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিওতে লিটন বলেন, ‘আমাদের স্পিনাররা ইতিমধ্যেই ভালো জায়গায় বল করছে। আশা করি, আরও ভালো জায়গায় বল করে চাপ তৈরি করবে। উইকেট থেকে যদি একটু সাহায্য পায়, তাহলে তাদের জন্য কাজটা সহজ হবে।’

আবুধাবির উইকেটে সময় গড়ানোর সঙ্গে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন-এমন প্রত্যাশা বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের। শেষদিনে বোলারদের ওপরই থাকবে ম্যাচের ভাগ্য নির্ধারণের বড় দায়িত্ব।

নিজের ব্যাটিংয়ে উইকেটকিপিংয়ের অভিজ্ঞতাও কাজে লাগে বলে মনে করেন লিটন। উইকেটের পেছনে দাঁড়িয়ে পিচের আচরণ বুঝতে পারা ব্যাটিংয়ের সময় তাকে বাড়তি সুবিধা দেয়।

বলেছেন, ‘অবশ্যই সাহায্য করে। কারণ উইকেটের পেছনে দাঁড়িয়ে আমি অনেক কিছু বুঝতে পারি, উইকেট সম্পর্কে একটা ধারণা চলে আসে। সেটা আমার ব্যাটিংয়ে অনেকটা সাহায্য করে।’

তিন সংস্করণের ক্রিকেটই উপভোগ করেন লিটন। তবে টেস্ট ক্রিকেটের প্রতি তার আলাদা টান রয়েছে। পাঁচ দিনের খেলায় প্রতিটি দিনেই ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বলে এই সংস্করণকে বিশেষ মর্যাদা দেন তিনি।

বলেছেন, ‘তিনটা ফরম্যাটই আমার ভালো লাগে, তবে টেস্ট ক্রিকেটের মর্যাদাটা একটু ওপরে। কারণ এই ম্যাচটাতে অনেক কিছু হয়। প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ থাকে এবং উপভোগ করার মতো অনেক পরিস্থিতি থাকে। তাই আমি টেস্ট ক্রিকেট পছন্দ করি।’

বিষয়:আফগানিস্তান আবুধাবি টেস্ট ইবাদত বাংলাদেশ মিরাজ মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…