মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে বিশ্বজুড়ে ভোগান্তি, ক্ষতি ৭০০ কোটি ডলার ছাড়ানোর আশঙ্কা

ছবি: সংগৃহীত
মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর একটি উদ্যোগের সময় তৈরি হওয়া প্রযুক্তিগত ত্রুটি থেকে এ সমস্যার সূত্রপাত হয়। এটি কোনো সাইবার হামলার ঘটনা নয়। মূল ত্রুটি সমাধান করা হয়েছে। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সেবা পুরোপুরি স্বাভাবিক করতে এখনো কাজ চলছে। এ ঘটনায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিভ্রাটে মাইক্রোসফট ৩৬৫-এর আউটলুক, টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বেশ কয়েকটি সেবা ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে শুরু হওয়া এ সমস্যার খবর অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। ইন্টারনেটভিত্তিক সেবা বিঘ্নের তথ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের হিসাবে, এক ঘণ্টার মধ্যে ৭৪টি দেশ ও অঞ্চল থেকে সমস্যার খবর পাওয়া যায়।
এর ফলে অনেক ব্যবহারকারী ইমেইল পাঠানো কিংবা গ্রহণ করতে পারেননি। কেউ ফাইল খুলতে কিংবা ক্যালেন্ডারের তথ্য দেখতেও সমস্যায় পড়েন। তবে কিছু ব্যবহারকারী টিমসের মেসেজিং ও অনলাইন বৈঠকের সুবিধা ব্যবহার করতে পেরেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ইউরোপ ও উত্তর আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে সেবার উন্নতি হতে শুরু করে। অপেক্ষমাণ ইমেইলের সংখ্যাও কমে স্বাভাবিক পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে মাইক্রোসফট।
আটকে থাকা ইমেইল কি পৌঁছাবে?
মাইক্রোসফট জানিয়েছে, বিভ্রাটের সময় আটকে থাকা ইমেইলগুলো সংরক্ষণ করা হয়েছে। বার্তা সরবরাহ স্বাভাবিক করতে ইমেইল গ্রহণের অপেক্ষার সময়সীমা বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে। ফলে কিছু বার্তা প্রাপকের কাছে পৌঁছাতে দেরি হতে পারে। বিলম্বিত ইমেইল পৌঁছালে তাতে পাঠানোর সময়ের পরিবর্তে সরবরাহের সময় দেখানো হতে পারে।
সমস্যা সারতে এত সময় লাগল কেন?
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক জেমস ফেরিম্যানের মতে, নিরাপদ সংযোগ তৈরির দায়িত্বে থাকা সার্ভার অতিরিক্ত চাপে অকার্যকর হয়ে পড়লে একের পর এক সার্ভারে চাপ তৈরি হতে পারে। এ সময় বিপুলসংখ্যক ব্যবহারকারী পুনরায় সংযোগের চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিল হয়।
তাঁর ব্যাখ্যা, মূল ত্রুটি মেরামত করলেই সব সেবা একসঙ্গে স্বাভাবিক করা সম্ভব নয়। ধাপে ধাপে সেবা চালু করার পাশাপাশি পুনরায় সংযুক্ত হওয়া বিপুলসংখ্যক ডিভাইসের চাপ সামলাতে হয়।
সাবেক জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী গেরগেলি ওরোজ এ ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবসায়িক ইমেইল বিপর্যয়গুলোর একটি বলে উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্টের মতে, ইন্টারনেট অবকাঠামোয় মাইক্রোসফটের বড় ভূমিকা থাকায় এ ধরনের বিভ্রাটের প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে প্রভাব
মাইক্রোসফটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। তবে এবারের ঘটনায় মোট কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ করা হয়নি।
বিভ্রাটের প্রভাব পড়ে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবাতেও। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছিল, মাইক্রোসফটের সঙ্গে সংযোগজনিত সমস্যায় তাদের কয়েকটি টুল প্রত্যাশামতো কাজ করছিল না।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তর ও আদালত, কানাডার টরন্টোর কয়েকটি হাসপাতাল পরিচালনাকারী স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক এবং জাপান সরকারের তথ্যপ্রযুক্তি প্ল্যাটফর্মেও এর প্রভাব পড়ে। এছাড়া, যুক্তরাজ্যে জিপি সার্জারি, ফার্মেসি, পুলিশ ও স্কুলের কার্যক্রমও ব্যাহত হয়। তবে কানাডার হাসপাতাল নেটওয়ার্কের ক্ষেত্রে রোগীদের চিকিৎসাসেবা বন্ধ হয়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিবিসি।
এক গবেষণা সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, কর্মঘণ্টা নষ্ট ও উৎপাদনশীলতা কমে যাওয়ায় এ বিভ্রাটের আর্থিক ক্ষতি অন্তত ৭০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। মাইক্রোসফট বলেছে, গ্রাহকদের আস্থাকে তারা গুরুত্বের সঙ্গে দেখে। বর্তমানে বিভিন্ন সেবার স্থিতিশীলতা ফিরছে এবং বাকি সমস্যাগুলো সমাধানে কাজ চলছে।






