যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর আবার চালু ফ্লাইট, কারণ সম্পর্কে যা জানা গেল

ছবি: সংগৃহীত
টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন আবার শুরু হয়েছে। তবে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ফ্লাইটের সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। এতে যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন এর বরাতে এ তথ্য উঠে আসে।
নিরাপত্তা উদ্বেগের কারণে ফেডারেল কর্মকর্তারা দেশজুড়ে উড়োজাহাজ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বা গ্রাউন্ড স্টপ জারি করেছিলেন। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ পরিস্থিতির জন্য পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত চাপের মুখে থাকা রাউটার ব্যবস্থাকে দায়ী করেছেন।
ডাফি সতর্ক করে বলেছেন, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়ন করা না হলে ভবিষ্যতেও এ ধরনের বিঘ্ন ঘটতে পারে। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তবে কয়েক সপ্তাহ পর থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যাত্রীদের যাতায়াতে এ ঘটনার প্রভাব পড়ার কথা নয়।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, গ্রাউন্ড স্টপ জারির পেছনে দেশটির বিরুদ্ধে কোনো নিরাপত্তা হুমকি ছিল না। চলতি সপ্তাহে মাইক্রোসফটের সেবা বিঘ্নিত হওয়ার ঘটনার সঙ্গেও এ সমস্যার কোনো যোগসূত্র নেই।
তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, ফ্লাইট বাতিল ও চলাচল বিঘ্নিত হওয়ায় প্রায় ১৫ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। গ্রাউন্ড স্টপ কার্যকর থাকায় আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হলেও চার ঘণ্টার বেশি সময় নতুন ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ছিল। এতে যুক্তরাষ্ট্রের আকাশপথ প্রায় ফাঁকা হয়ে পড়ে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর অভ্যন্তরীণ ফ্লাইটগুলো আবার উড্ডয়নের অনুমতি পেলেও বিলম্ব ও সময়সূচির বিশৃঙ্খলা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে আরও সময় লাগতে পারে।





