আন্তর্জাতিক

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গুনলেই মাসে সাড়ে তিন লাখ টাকা বেতন

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গুনলেই মাসে সাড়ে তিন লাখ টাকা বেতন

ছবি: সংগৃহীত

বরফে ঢাকা নির্জন এক দ্বীপ। চারদিকে হিমশীতল বাতাস, মাথার ওপর মেঘলা আকাশ আর পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে শত শত পেঙ্গুইন। মানুষের কোলাহল নেই, নেই শহরের ব্যস্ততা। প্রতিদিনের কাজ পেঙ্গুইন গোনা, পর্যটকদের স্বাগত জানানো, পোস্টকার্ডে সিল মারা আর বরফের দেশে একটি ঐতিহাসিক ঘাঁটি সামলানো। শুনতে রূপকথার মতো মনে হলেও এমন চাকরির সুযোগ সত্যিই রয়েছে অ্যান্টার্কটিকায়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই কাজের জন্য মাসে পাওয়া যাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা।

ব্রিটিশ সংস্থা ‘ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট’ (ইউকেএএইচটি) প্রতিবছর অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালীন মৌসুমে কাজ করার জন্য ছোট একটি দল নিয়োগ দেয়। সাধারণত চার থেকে পাঁচজনকে নিয়ে গঠিত হয় এই দল। তাদের কর্মস্থল অ্যান্টার্কটিকার পোর্ট লকরয়।

অ্যান্টার্কটিকার পামার দ্বীপপুঞ্জের গুডিয়ার দ্বীপে অবস্থিত পোর্ট লকরয়। ফুটবল মাঠের কাছাকাছি আয়তনের এই ছোট দ্বীপটি পাথর ও বরফে ঢাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে ‘অপারেশন ট্যাবারিন’ এর অংশ হিসেবে এখানে ব্রিটিশ সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৬২ সালে ঘাঁটিটি বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ বছর পর সংস্কার করে আবার চালু করা হয়। বর্তমানে এটি অ্যান্টার্কটিক চুক্তির অধীনে সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থান। দ্বীপটিতে রয়েছে ছোট একটি জাদুঘর, উপহারের দোকান এবং পেঙ্গুইন পোস্ট অফিস। এটি বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থিত সচল ডাকঘর হিসেবে পরিচিত।

প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ক্রুজ জাহাজে করে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। তাদের স্বাগত জানানো, ঘাঁটির ইতিহাস তুলে ধরা, জাদুঘর ও উপহারের দোকান পরিচালনা এবং পোস্ট অফিসের কাজ সামলাতে হয় নিয়োগ পাওয়া কর্মীদের। প্রতি মৌসুমে ৮০ হাজারের বেশি পোস্টকার্ড বাছাই ও সিল মারার দায়িত্বও তাদের ওপর থাকে।

এই চাকরির সবচেয়ে ব্যতিক্রমী কাজ হলো জেন্টু প্রজাতির পেঙ্গুইনদের ওপর নজর রাখা এবং তাদের সংখ্যা গণনা করা। ইউকেএএইচটির তথ্য অনুযায়ী, দ্বীপটিতে প্রায় এক হাজার পেঙ্গুইন রয়েছে। তিন দশকেরও বেশি সময় ধরে তারা এখানে বসবাস করছে।

১৯৯৬ সাল থেকে যুক্তরাজ্যের ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস) নিয়মিতভাবে পেঙ্গুইন পর্যবেক্ষণের কাজ করে আসছে। এর মূল উদ্দেশ্য হলো, পেঙ্গুইনদের প্রজনন পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং পর্যটকদের উপস্থিতি তাদের স্বাভাবিক জীবনযাপনে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখা। অ্যান্টার্কটিকায় পোর্ট লকরয়ই একমাত্র স্থান, যেখানে পুরো প্রজনন মৌসুমজুড়ে এভাবে পেঙ্গুইন পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।

তবে পেঙ্গুইনদের বিরক্ত না করার বিষয়ে কর্মীদের কঠোর সতর্কতা মেনে চলতে হয়। কাজের শুরুর কয়েক সপ্তাহ তারা নির্দিষ্ট সীমানার বাইরে যান না। পেঙ্গুইনদের প্রায় ৯৫ শতাংশ বাসায় ডিম পাড়া সম্পন্ন হলে পুরো দল মিলে দ্বীপের সব পেঙ্গুইন ও তাদের বাসা গণনা করে।

২০২৪ সালের ডিসেম্বরে সেখানে ৫৭১টি বাসা ও ৯৩৮টি ডিমের হিসাব পাওয়া গিয়েছিল। প্রজনন মৌসুমের শেষ দিকে ছানাগুলো বড় হয়ে যখন দলবদ্ধভাবে চলাফেরা শুরু করে, তখন আবার তাদের গণনা করা হয়। পরপর দুইবার গণনার ফলাফল কাছাকাছি না আসা পর্যন্ত এ প্রক্রিয়া চালিয়ে যেতে হয়।

পদ ও দায়িত্ব অনুযায়ী এই চাকরির বেতন আলাদা। সাধারণ সহকারী, বেস ম্যানেজার ও স্টোর ম্যানেজার হিসেবে কাজের সুযোগ রয়েছে। মাসে প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৫০০ ইউরো পর্যন্ত আয় করা সম্ভব। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা।

পেঙ্গুইনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকলেও দ্বীপটির জীবনযাত্রা বেশ কঠিন। সেখানে নেই বহমান পানির ব্যবস্থা। দ্বীপের বাইরে থেকে আসা নৌকা থেকে ২০ লিটারের পাত্রে করে খাবার পানি আনতে হয়। পানির সীমাবদ্ধতার কারণে সপ্তাহে মাত্র একবার গোসলের সুযোগ মেলে। খারাপ আবহাওয়ার কারণে নৌকা আসতে না পারলে টানা দুই সপ্তাহও গোসল ছাড়া থাকতে হতে পারে।

বিদ্যুতের একমাত্র উৎস সৌরবিদ্যুৎ। তাই হেয়ার ড্রায়ার কিংবা মাইক্রোওয়েভ ওভেনের মতো বেশি বিদ্যুৎ খরচ হয় এমন যন্ত্র ব্যবহার করা যায় না। সেখানে সাধারণ মোবাইল নেটওয়ার্কও নেই। যোগাযোগের জন্য সীমিত গতির স্যাটেলাইট ইন্টারনেট অথবা দ্বীপে ভেড়ানো বড় জাহাজগুলোর ওয়াই-ফাইয়ের ওপর নির্ভর করতে হয়।

শৌচাগারের জন্য রয়েছে বহনযোগ্য ব্যবস্থা, যা প্রতিদিন নিজেদেরই পরিষ্কার করতে হয়। থাকার জায়গায় বাঙ্ক বেড বা দোতলা খাটে ঘুমাতে হয়। ব্যারাকের ভেতরের তাপমাত্রা সাধারণত ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। বাইরে তাপমাত্রা হিমাঙ্কের ৫ ডিগ্রি নিচে থেকে ৫ ডিগ্রি ওপরে ওঠানামা করে।

এই চাকরিতে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা নেই। তবে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তবে শারীরিক সক্ষমতা ভালো থাকা জরুরি। কারণ, প্রতিদিনের কাজের মধ্যে রয়েছে বরফ পরিষ্কার করা, পিচ্ছিল পাথুরে জায়গায় নৌকা থেকে মালপত্র নামানো এবং ১৫ কেজি ওজনের বাক্স বহন করা। এ ছাড়া দ্বীপে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীকে যুক্তরাজ্যে বসবাস ও কাজ করার বৈধ অনুমতি থাকতে হবে। আগামী বছরের শুরুর দিকে ইউকেএএইচটির অফিশিয়াল ওয়েবসাইটে নতুন নিয়োগের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার এই চাকরি যেমন রোমাঞ্চকর, তেমনি এটি প্রকৃতি ও বন্য প্রাণী সংরক্ষণের এক অনন্য দায়িত্ব। তবে সাড়ে তিন লাখ টাকা বেতনের আকর্ষণ থাকলেও বরফের দেশে প্রতিকূল পরিবেশে কয়েক মাস কাটানোর মানসিক ও শারীরিক প্রস্তুতি না থাকলে এই চাকরি মোটেও সহজ হবে না।

বিষয়:অ্যান্টার্কটিকা পেঙ্গুইন বেতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…