বিশ্বের ‘অন্যতম সেরা’, আমাকে অনেক ভুগিয়েছে: মেসিকে নিয়ে মদ্রিচ

ক্রোয়েশিয়া ফুটবলে জাগরণের অন্যতম কাণ্ডারি লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদ ছেড়ে সিরি আ’র এসি মিলানে খেলছেন ৪১ বর্ষী তারকা। লা লিগা ও আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ বর্ণীল ক্যারিয়ারে লিওনেল মেসির বিরুদ্ধে খেলা কতটা কঠিন ছিল, তা নিয়ে বললেন মদ্রিচ। আর্জেন্টিনা জার্সিতে মেসির শেষ ম্যাচের পর শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
মদ্রিচ ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে মেসির মুখোমুখি হয়েছেন ২৭ বার। ৮বারের ব্যালন ডি’অর জয়ীর বিপক্ষে মদ্রিচ জয়ের রেকর্ড সামান্য পিছিয়ে রয়েছেন। ক্রোয়েট তারকার ১০টি জয় ও ৫টি ড্র, বিপরীতে ১২টিতে হেরেছেন মেসির কাছে।
দীর্ঘদিনের প্রতিপক্ষের প্রশংসা করে মদ্রিচ বলেছেন, ‘তাকে নিয়ে আর কী বলব। তার অবসর নেয়াটা দুঃখজনক, তবে এটি তার নিজস্ব সিদ্ধান্ত এবং আমাদের তা সম্মান করতে হবে। জাতীয় দলের হয়ে তিনি অবিশ্বাস্য কিছু অর্জন করেছেন; সেই বিশ্বকাপ জিতেছেন যার জন্য তিনি ভীষণভাবে মরিয়া ছিলেন।’
‘মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, এক অনন্য নজিরবিহীন ফুটবলার। তাকে খেলতে দেখাটা সবসময়ই আনন্দের ছিল, যদিও ক্রোয়েশিয়া এবং রিয়াল মাদ্রিদ উভয় পক্ষের হয়েই তার বিপক্ষে খেলতে গিয়ে আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আমি তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানাই।’






