আদালত

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডিতে আব্দুল মোতালিব (১৪) হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বের) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক হোসেন ফারুকী বলেন, সাঈদ খোকন নিজের চেহারা পরিবর্তন করতে দাড়ি ও চুল বড় করেছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের দমনে আওয়ামী লীগ নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এ মামলার এজাহারনামীয় আসামি সাঈদ খোকন। বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনেও সংশ্লিষ্ট যোগাযোগের তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিক আন্দোলনেও নাশকতার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় সাঈদ খোকনের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তিনি আর কার কার সঙ্গে যোগাযোগ করছেন এবং মামলার রহস্য উদ্‌ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, রিমান্ড বাতিল করে জামিন না দিলেও তাদের আপত্তি নেই। আদালত যে আদেশ দেবেন, তারা তা মেনে নেবেন।

শুনানির সময় সাঈদ খোকন কথা বলার জন্য হাত তুললেও তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

এর আগে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ডিবির একটি সাদা গাড়িতে করে সাঈদ খোকনকে আদালতে আনা হয়। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে প্রিজন ভ্যানে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৩৩ নম্বর এজলাসে নেওয়া হয়।

বিষয়:জুলাই গণঅভ্যুত্থান মোহাম্মদ সাঈদ খোকন রিমান্ড সাঈদ খোকন রিমান্ডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…