সন্জীদা খাতুনের জীবন, দর্শন ও সৃষ্টিকর্মের পূর্ণাঙ্গ দলিল ‘কী রাগিণী বাজালে’
বই নিয়ে আলোচনা

একজন সংগীতশিল্পী, শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব। রবীন্দ্রসংগীতচর্চা থেকে বাঙালির সাংস্কৃতিক পরিচয় রক্ষার লড়াই, প্রতিটি ক্ষেত্রেই ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি সন্জীদা খাতুন। গত বছরের ২৫ মার্চ প্রয়াত হন এই গুণী ব্যক্তিত্ব। তার জীবন, কর্ম, চিন্তা ও সাংস্কৃতিক অবদানকে নানা দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে চলতি বছরের এপ্রিলে প্রকাশিত হয়েছে স্মরণগ্রন্থ ‘কী রাগিণী বাজালে’।
ছায়ানট প্রকাশিত গ্রন্থটির সম্পাদনা করেছেন রামেন্দু মজুমদার, মফিদুল হক, বেগম আকতার কামাল, ভীষ্মদেব চৌধুরী, রুচিরা তাবাসসুম নভেদ ও জয়ন্ত রায়। প্রচ্ছদ ও নকশায় রয়েছেন সব্যসাচী হাজরা। প্রকাশিত বইটির গায়ের মূল্য ১ হাজার ৫০০ টাকা।
শুধু স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ নয় ‘কী রাগিণী বাজালে’। বরং সন্জীদা খাতুনের বহুমাত্রিক জীবন ও কর্মের একটি পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরার চেষ্টা রয়েছে এতে। বইটির ভূমিকায় বলা হয়েছে, একজন মানুষের প্রতিভা ও কর্মকৃতিত্ব কেবল তার নিজের পরিচয় নির্মাণ করে না, তা ছড়িয়ে পড়ে সমাজে, অন্য মানুষের চিন্তা ও চর্চায়। সন্জীদা খাতুন ছিলেন তেমনই এক ব্যক্তিত্ব। সাংস্কৃতিক লড়াইয়ে দৃঢ়, শিক্ষকতায় অনন্য এবং সাংগঠনিক দক্ষতায় উজ্জ্বল। রবীন্দ্রনাথের সংগীত, সাহিত্য ও জীবনদর্শনের নানা দিককে ধারণ করে তিনি নিজের কর্মজীবন গড়ে তুলেছিলেন।
গ্রন্থটি সাজানো হয়েছে ছয়টি পৃথক বিভাগে। ‘জীবন ও কৃতি’ বিভাগে উঠে এসেছে তার ব্যক্তিত্ব, রবীন্দ্রভাবনা, সাংস্কৃতিক অবস্থান, শিক্ষকতা, গবেষণা ও সাংগঠনিক ভূমিকার নানা দিক। এ বিভাগে লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, রামেন্দু মজুমদার, আবুল হাসনাত, আবুল মোমেন, মোরশেদ শফিউল হাসান, সারওয়ার আলী, বেগম আকতার কামালসহ অনেকে। ‘সংস্কৃতির পক্ষে, পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে’, ‘সন্জীদা খাতুন: শিক্ষক ও সংস্কৃতিযোদ্ধা’, ‘লক্ষ্যভেদী সংগঠক’ শিরোনামের লেখাগুলোতে তার কাজ ও অবস্থানের বিভিন্ন দিক আলোচিত হয়েছে।
‘সংগীত ও সংগীতভাবনা’ বিভাগে গুরুত্ব পেয়েছে তার সংগীতজীবন এবং রবীন্দ্রসংগীতের সঙ্গে গভীর সম্পর্ক। শঙ্খ ঘোষের ‘গানই তাঁর জীবন’, দেবেশ রায়ের ‘সেই সন্ধ্যার ভাষা’, শান্তা সেনের ‘গান কথা সুর-এর সমন্বয়’, সুধীর চক্রবর্তীর ‘রবীন্দ্রনাথের ভিতর পানেই তাঁর ডাক’সহ ছয়টি লেখায় উঠে এসেছে সংগীত নিয়ে তার ভাবনা, চর্চা ও জীবনদর্শন।
শিক্ষার্থীদের কাছে সন্জীদা খাতুন কেমন শিক্ষক ছিলেন, সেই পরিচয় পাওয়া যাবে ‘শিক্ষাগুরু সন্জীদা’ বিভাগে। ভীষ্মদেব চৌধুরী, অসীম দত্ত, ইমতিয়াজ আহমেদ, নির্মলেন্দু গুণসহ পাঁচজনের লেখায় উঠে এসেছে শিক্ষক ও সংগীতগুরু হিসেবে তার প্রভাব এবং শিক্ষার্থীদের জীবনে তার ভূমিকা।
ব্যক্তিগত স্মৃতি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ সন্জীদা খাতুনকে চিনতে সাহায্য করবে ‘স্মৃতিকথা’ বিভাগ। মতিউর রহমান, আলী যাকের, রফিকুন নবী, ফকরুল আলম, লাইসা আহমদ লিসা, খায়রুল আনাম শাকিলসহ ১২ জনের লেখায় উঠে এসেছে তাদের দেখা সন্জীদা খাতুন। কোথাও তিনি মিনুদি, কোথাও সবার সন্জীদাদি, আবার কোথাও সংস্কৃতির বাতিঘর।
তার গবেষণা, সাহিত্যবোধ ও সমালোচনাচর্চার পরিচয় পাওয়া যাবে ‘গ্রন্থ আলোচনা’ বিভাগে। এখানে রয়েছে জিল্লুর রহমান সিদ্দিকী, হুমায়ুন আজাদ, অভ্র বসু, মোস্তাক আহমাদ দীন, পিয়াস মজিদসহ সাতজনের লেখা। রবীন্দ্রসংগীত নিয়ে তার ভাবনা, কবিতার সমালোচনায় রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত, ধ্বনি থেকে কবিতা এবং নজরুলবিষয়ক চর্চা উঠে এসেছে এসব আলোচনায়।
গ্রন্থের শেষ বিভাগ ‘সাক্ষাৎকার’। এতে রয়েছে মফিদুল হকের নেওয়া সন্জীদা খাতুনের শেষ সাক্ষাৎকার। জীবনের শেষ পর্যায়ের ভাবনা ও উপলব্ধি জানার ক্ষেত্রে এ সাক্ষাৎকারের বিশেষ গুরুত্ব রয়েছে।
সব মিলিয়ে ‘কী রাগিণী বাজালে’ কেবল প্রয়াত একজন গুণী মানুষকে স্মরণ করার আয়োজন নয়, বরং তার জীবন, সংগীতচর্চা, গবেষণা, শিক্ষকতা, সাংগঠনিক দক্ষতা ও সাংস্কৃতিক সংগ্রামকে এক মলাটে ধারণের প্রয়াস। পরিচিতজনদের স্মৃতির পাশাপাশি গবেষক, লেখক ও সংস্কৃতিকর্মীদের বিশ্লেষণও জায়গা পেয়েছে এতে। ফলে সন্জীদা খাতুনকে যারা কাছ থেকে চিনতেন, তাদের পাশাপাশি নতুন প্রজন্মের পাঠকদের কাছেও তার জীবন ও কর্মের নানা অনাবিষ্কৃত দিক জানার সুযোগ তৈরি করেছে বইটি।





