অপরাধ

কমিটি গঠন থেকে অর্থায়ন, নাশকতার ছক খতিয়ে দেখছে গোয়েন্দারা

ডিসেম্বর ঘিরে ‘নাশকতা’

কমিটি গঠন থেকে অর্থায়ন, নাশকতার ছক খতিয়ে দেখছে গোয়েন্দারা

ছবিটি এআই দিয়ে তৈরি করা

বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতা-কর্মীদের যোগাযোগের মাধ্যমে জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে নতুন কমিটি গঠনের চেষ্টা চলছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এসব কমিটির মাধ্যমে সাংগঠনিক নেটওয়ার্ক বিস্তার, কর্মী সংগ্রহ ও অর্থায়নের পাশাপাশি সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও মুঠোফোনের তথ্য বিশ্লেষণে ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য পরিকল্পনা, অর্থের উৎস এবং দেশ-বিদেশের যোগাযোগের যোগসূত্র শনাক্তে নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা চ্যানেল আই অনলাইনকে বলেন, কোথায় কী ধরনের ঘটনা ঘটতে পারে, কারা জড়িত এবং তাদের মধ্যে সাংগঠনিক যোগাযোগ রয়েছে কি না, তা আগেই শনাক্ত করতে হবে। এ জন্য সাদা পোশাকে পুলিশের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার তৎপরতা জোরদার করা প্রয়োজন।

গোয়েন্দা সূত্রের দাবি, বিদেশে অবস্থানরত কয়েকজন নেতার সঙ্গে দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতা-কর্মীদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, মুঠোফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাংগঠনিক যোগাযোগ, কর্মী সংগ্রহ এবং কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় দায়িত্ব বণ্টন ও পৃথক নেটওয়ার্ক তৈরির বিষয়টিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গোপালগঞ্জ ও আশপাশের চার জেলাকে বিচ্ছিন্ন করার চেষ্টা এবং ঢাকায় সমাবেশ আয়োজনের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কারা দায়িত্ব পালন করছেন, দেশের ভেতরে তাদের যোগাযোগের ক্ষেত্র কতটা বিস্তৃত এবং অর্থের জোগান কোথা থেকে আসছে, তা অনুসন্ধান করছেন গোয়েন্দারা।

নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নে অর্থায়নের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল আর্থিক সেবার লেনদেন বিশ্লেষণ করে বিদেশে অবস্থানরত সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছ থেকে অর্থ পাওয়ার তথ্য মিলেছে বলে দাবি করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। কারা অর্থ সংগ্রহ ও বিতরণ করছেন, কোন মাধ্যমে অর্থ আসছে এবং এসব লেনদেনের সঙ্গে নাশকতার পরিকল্পনার যোগসূত্র রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা প্রশাসন, থানা, পুলিশ স্থাপনা, সরকারি যানবাহনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হতে পারে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও পুলিশি স্থাপনায় হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে পুলিশ।

সাবেক আইজিপি আশরাফুল হুদার মতে, এখন পর্যন্ত যেসব স্থানে বিচ্ছিন্ন নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোকে আপাতত আলাদা ঘটনা হিসেবেই দেখতে হবে। এসব ঘটনার ভিত্তিতে পুরো দেশজুড়ে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তবে প্রতিটি ঘটনার পেছনের কারণ ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা জরুরি।

তিনি বলেন, মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও দিকনির্দেশনা প্রয়োজন। সম্প্রতি অনেক পুলিশ সদস্যকে নতুন এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে যারা আগে ঢাকায় কাজ করেননি, তাদের স্থানীয় পরিস্থিতি, অপরাধপ্রবণ এলাকা ও ঝুঁকি সম্পর্কে ধারণা দিতে হবে।

পুলিশকে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়ে আশরাফুল হুদা বলেন:  স্থানীয় মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তারা যাতে ভয় বা হয়রানির আশঙ্কা ছাড়াই পুলিশকে তথ্য দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় ও নিরাপত্তা রক্ষার দায়িত্বও পুলিশকে নিতে হবে।

সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগর পুলিশের কমিশনার এবং আট রেঞ্জের ডিআইজিকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। ঢাকা ও গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশের পুলিশ ইউনিটগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, প্রশাসনিক ভবন ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে দেশের ভেতরে থাকা নেতা-কর্মীদের যোগাযোগ, নতুন কমিটি গঠনের তৎপরতা এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, এসব কর্মকাণ্ডে অর্থায়নের উৎস ও অর্থ লেনদেনের মাধ্যম খতিয়ে দেখা হচ্ছে। বিদেশ থেকে কোনো অর্থ আসছে কি না, কারা অর্থ সংগ্রহ ও বিতরণ করছেন এবং সেই অর্থের সঙ্গে নাশকতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের বিশেষায়িত সংস্থা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, নাশকতার পরিকল্পনায় কারা জড়িত, দেশের ভেতরে তাদের সাংগঠনিক নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে কী ধরনের যোগাযোগ রয়েছে, তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। একই সঙ্গে নতুন কমিটি গঠন, কর্মী সংগ্রহ ও দায়িত্ব বণ্টনের তৎপরতার পাশাপাশি সম্ভাব্য নাশকতায় অর্থায়নের উৎস, বিদেশ থেকে অর্থ আসা এবং মোবাইল আর্থিক সেবাসহ বিভিন্ন মাধ্যমে লেনদেনের তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এসআরবি’র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা তথ্য সংগ্রহ করছেন।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে দেশের ভেতরে থাকা ব্যক্তিদের যোগাযোগ, সাংগঠনিক তৎপরতা ও সম্ভাব্য অর্থায়নের বিষয়েও নজর রাখা হচ্ছে। ডিসেম্বর ঘিরে বড় ধরনের কোনো আশঙ্কা না থাকলেও পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে।

২০২৫ সালের ১২ মে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। একই দিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। নিষেধাজ্ঞার আওতায় দলটির প্রকাশনা, প্রচার, সভা-সমাবেশ এবং অনলাইন কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়।

বিষয়:আশরাফুল হুদা গোয়েন্দা নজরদারি ডিসেম্বর নতুন কমিটি নাশকতা নিষিদ্ধ আওয়ামী লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…