জোড়া গোলেও ফুটবল নিয়ে কথা নেই রাফিনহার, স্মরণ প্রয়াত হেসুসকে

চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় তুলেছে বার্সেলোনা। অ্যাস্টন ভিলাকে ৩-০তে হারিয়েছে। স্পেনে দারুণ জয়ের উৎসবের চেয়ে বেশি ছিল বেদনার মলিনতা। কারণ একইদিন সকালে মারা গেছেন দেশটির দ্বিতীয় স্তরের ক্লাব টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ শেষে তাকে স্মরণ করেন রাফিনহা বলেছেন, আর ফুটবল নিয়ে কথা বলতে চাই না।
ন্যু ক্যাম্পে ম্যাচের আগে হেসুসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে দুদল। ৭ মিনিটে বার্সার প্রথম গোল করেন লামিন ইয়ামাল। ৫২ এবং ৬৪ মিনিটে রাফিনহার গোলে জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন রাফিনহা।
ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘ফুটবল নিয়ে কথা বলতে চাই না। হেসুসের পরিবারের প্রতি আমার পূর্ণ সমর্থন ও শক্তি জানাতে চাই, প্রার্থনা করি যেন তিনি শান্তিতে থাকেন। ফুটবল নিয়ে আলোচনার জন্য দিনটি উপযুক্ত নয়।’
‘এমন ঘটনা যেকারো সাথেই ঘটতে পারে। বিশেষ করে খবরটি জানার পর, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে মাঠে নেমে খেলা খুবই কঠিন। এমন ঘটনা নিজের বা আপনার কাছের কারো সাথেও ঘটে যেতে পারে।’
সোমবার রাতে স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবলে অ্যান্ডোরার বিপক্ষে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মাথায় প্রচণ্ড আঘাত পান হেসুস। দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। সেসময় শ্বাস-প্রশ্বাস চালু রাখার জন্য কৃত্রিম সহায়তা ইনটিউবেশন দিতে হয়। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। মঙ্গলবার দুঃসংবাদ আসে, ক্লাব জানায় ৩০ বর্ষী স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড মারা গেছেন।





