সার্বিয়ায় মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ছবি: সংগৃহীত।
সার্বিয়ায় মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক সামরিক পাইলট নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংবাদমাধ্যম রয়টার্স সূত্রে জানা গেছে, দেশটির রাজধানী বেলগ্রেডের উত্তর-পশ্চিমে স্তারা পাজোভা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি বাটাইনিতসা বিমানঘাঁটির ২০৪তম এভিয়েশন ব্রিগেডের অন্তর্ভুক্ত ছিল। বেলগ্রেড থেকে প্রায় ৩১ কিলোমিটার দূরে একটি মাঠে বিমানটি আছড়ে পড়ে।
দুর্ঘটনায় নিহত পাইলটের নাম মেজর গোরান বুলাজিক। তার বয়স ৫৩ বছর। কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২০০৬ সালে স্বাধীনতা লাভের পর থেকে সার্বিয়ার সামরিক বাহিনীর ১৪টি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনায় ১২টি বিমান ও দুটি হেলিকপ্টার জড়িত ছিল। প্রাণ হারিয়েছেন মোট ১৭ জন।
বর্তমানে সার্বিয়ার বিমানবাহিনীর বহরে ১৪টি মিগ-২৯ যুদ্ধবিমান রয়েছে। ১৯৮৭ থেকে ১৯৯১ সালের মধ্যে তৈরি এসব যুদ্ধবিমানের পরিবর্তে নতুন যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা করছে দেশটি।
এ লক্ষ্যে ২০২৪ সালে ফ্রান্সের সঙ্গে ১২টি ডাসো রাফাল এফ-৪ যুদ্ধবিমান কেনার চুক্তি করে সার্বিয়া। এ চুক্তির মূল্য ২৭০ কোটি ইউরো। ২০২৮ সাল থেকে এসব যুদ্ধবিমান সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।






