নতুন মৌসুম শুরুর আগে কাইলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়া ঠেকাতে উদ্যোগী হয়েছে পিএসজি। ১২ হাজার কোটি টাকায় ১০ বছরের জন্য তাকে চুক্তির প্রস্তাব দিয়েছে। যদিও বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চম্যান দলবদল করতে চাওয়ায় মৌসুম পূর্ব সফরের দলে রাখা হয়নি তাকে।
অন্যদিকে এমবাপে ইস্যু নিয়ে মাথা ঘামাতে নারাজ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, এমবাপে যোগ না দেয়া সত্ত্বেও রিয়াল মাদ্রিদ স্কোয়াড ইতিমধ্যেই পরিপূর্ণ।
হিউস্টনে গত বুধবার প্রাক-মৌসুম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ইতালিয়ান কোচকে এমবাপের বিষয়ে প্রশ্ন করা হয়। কোনো জবাবই দেননি আনচেলত্তি। শুধু বলেছেন, ‘অন্য প্রশ্ন করুন।’
রিয়াল মাদ্রিদকে নিজের স্বপ্নের ক্লাব বলে জানিয়েছিলেন কাইলিয়ান এমবাপে। স্প্যানিশ ক্লাবে যাওয়ার সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে থেকেও গতবছর তিনি পিএসজিতে থেকে যান।
ফরাসি স্ট্রাইকারকে নিতে ২০০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। প্রস্তাবের সঙ্গে আছে রিয়াল মাদ্রিদে যাওয়ার বিষয়টিও। চাইলে ২০২৪ সালে সৌদি থেকে স্পেনে যেতে পারবেন এমবাপে, সেক্ষেত্রে রিলিজ ক্লজের অর্থ রিয়াল শোধ করলেই চুক্তির অনুমতি মিলবে।








