বাংলাদেশ

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেফতার

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেফতার

সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর ব্যাপক আলোচনায় ও সমালোচনায় আসেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলেও জানা গেছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে যান তিনি। ওই সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লিদের এক পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। মসজিদের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়।

বিষয়:ইসলামিক ফাউন্ডেশন কওমি জননী বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুফতি রুহুল আমিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…