‘বল টেম্পারিংকাণ্ড পুরো অস্ট্রেলিয়া দলই জানত’, ক্যামেরন ব্যাঙ্কক্রফট

২০১৮ সালের বহুল আলোচিত বল টেম্পারিং নিয়ে নতুন করে তথ্য সামনে এনেছেন ক্যামেরন ব্যাঙ্কক্রফট। অজি ক্রিকেটার বলেছেন, সাউথ আফ্রিকার বিপক্ষে সেই বল টেম্পারিংয়ের বিষয়টি কেবল তিন জনের নয়, বরং পুরো অস্ট্রেলিয়া দলেরই জানা ছিল।
গত সপ্তাহে প্যাট কামিন্সের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি এই তথ্য সামনে আনেন। কামিন্সের ওই সংবাদ সম্মেলনের পর তিনি নিজেকে ‘ক্রোধিত, প্রতারিত এবং একা’ বোধ করছিলেন।
ব্যাঙ্কক্রফট লিখেছেন, ‘সাউথ আফ্রিকায় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি কেবল আমাদের তিনজনের স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং আমার জানা ছিল না। পুরো দলেরই এটি জানা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় যখন আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তখন আমি সম্পূর্ণ ও সত্য ঘটনা তুলে ধরিনি। আমি গুরুত্বপূর্ণ অনেক তথ্য গোপন করেছিলাম- যেমন, কখন স্যান্ডপেপার ব্যবহারের সূচনা হয়েছিল, কতদিন ধরে এটি চলেছিল এবং এতে অন্যদের সম্পৃক্ততা ও তাদের জানা থাকার বিষয়টি। আমি এটি করেছিলাম ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতে এবং আমার আশেপাশের অন্যদের যেন এর সাথে জড়িয়ে পড়তে না হয়, তা নিশ্চিত করতে।’
পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির সময় কী ঘটেছিল তা নিয়ে ব্যানক্রফট বলেন, ‘ড্রেসিংরুমে কোচ এবং খেলোয়াড় সবাই এই আলোচনায় যুক্ত ছিলেন। সবার উদ্দেশ্য ছিল খেলায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা। কিছু খেলোয়াড় হয়তো অন্যদের চেয়ে বেশি মতামত দিচ্ছিলেন, তবে আমরা সবাই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ম্যাচটি জেতার অভিন্ন লক্ষ্যের দিকেই কাজ করছিলাম। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি এই কাজটি করতে পারব কি না। আমি অস্বস্তিবোধ করছিলাম এবং মনে হচ্ছিল আমার নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি জানতাম এটি ভুল। আমি এটাও বুঝতাম যে, স্যান্ডপেপার ব্যবহার করা মানে কেবল ক্রিকেটের নিয়মের সীমানা পরীক্ষা করা নয়, এটি ছিল সরাসরি প্রতারণা।’
ড্রেসিংরুমের আলোচনা নিয়ে অজি ব্যাটার বলেন, ‘আমার মনে পড়ে, বোলিং কোচ ডেভিড সাকার সেই আলোচনায় যুক্ত ছিলেন। কোচ ড্যারেন লেহম্যানও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য খেলোয়াড়রাও আসা-যাওয়ার মধ্যে ছিলেন। বলকে বাতাসে আরও কার্যকরভাবে ঘোরানোর প্রয়োজনীয়তা নিয়ে খোলাখুলি আলোচনা হয়েছিল। বল পালিশ করা বা লালা ব্যবহারের মতো সাধারণ পদ্ধতিগুলো তখন আর কাজ করছিল না। আমরা চাপের মুখে ছিলাম। ঠিক সেই পরিবেশেই ডেভিড ওয়ার্নার বলের এক পাশ অমসৃণ করার জন্য স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাবটি তুলেছিলেন।’
তিনি আরও বলেন, ‘সেই মুহূর্তে ড্রেসিংরুমে সবাই উপস্থিত ছিলেন না ঠিকই, তবে আলোচনাটি কেবল ডেভিড ওয়ার্নার আর আমার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দ্বিতীয় দিনের শেষ সেশনে আমি স্যান্ডপেপার সাথে নিয়ে মাঠে নেমেছিলাম। বল হাতে পাওয়ার পর আমি সেটি ব্যবহার করি। এর ফলাফল তাৎক্ষণিকভাবে আমার চোখে পড়েনি এবং বলের ওপর আমার করা কারসাজি কতটা কার্যকর ছিল, তা নিয়ে আমি নিশ্চিত ছিলাম না। আমি আগে কখনো এমনটা করিনি।’
স্যান্ডপেপার দিয়ে বল সুইং করানো নিয়ে বলেন, ‘সেই সময়ে, বলটি কেমন আচরণ করছে তা নিয়ে আমি নিয়মিত বোলারদের সাথে কথা বলতাম। আমাকে তা করতেই হতো। আমার মনে পড়ে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং মিচেল মার্শের মতো ফাস্ট বোলারদের সাথে আমি আলোচনা করতাম যে, বলটি যথেষ্ট পরিমাণে রিভার্স সুইং করছে কিনা। স্যান্ডপেপারের কারণে বলের ওপর কী প্রভাব পড়ছে, তা নিয়ে আমাদের আলোচনা ছিল নিয়মিত, অত্যন্ত স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত।’






