আন্তর্জাতিক

স্বজনকে বিদায় জানাতে ট্রেনে উঠে গুণলেন ৩৬ হাজার রুপি জরিমানা

স্বজনকে বিদায় জানাতে ট্রেনে উঠে গুণলেন ৩৬ হাজার রুপি জরিমানা

সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুর সেন্ট্রাল রেলস্টেশনে স্বজনদের বিদায় জানাতে বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলেন ১২ জন। কিন্তু ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় আর নামতে পারেননি তারা। শেষ পর্যন্ত প্রায় ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইটাওয়া জংশনে নামতে হয় তাদের।

এ ঘটনায় প্রত্যেককে তিন হাজার রুপি করে মোট ৩৬ হাজার রুপি জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার (১৫ নভেম্বর) বারাণসী থেকে নয়াদিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে এ ঘটনা ঘটে। কানপুরের বিভিন্ন এলাকা থেকে আসা ওই ১২ জন তাদের পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে এবং আসন গুছিয়ে দিতে ভেতরে উঠেছিলেন।

কিন্তু তারা ট্রেনের ভেতরে থাকা অবস্থায় স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায়। নির্দিষ্ট স্টেশনে থামার আগে এসব দরজা খোলার সুযোগ না থাকায় কানপুর সেন্ট্রাল স্টেশনে আর নামতে পারেননি তারা। তাদের মধ্যে নারী ও শিশুও ছিল। এদিকে প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকা স্বজনেরা ট্রেনটি ছেড়ে যেতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন।

ট্রেনের ভেতরে আটকে পড়া ব্যক্তিরা দরজা খোলার জন্য কর্মীদের কাছে অনুরোধ জানান। তবে ট্রেন চলন্ত অবস্থায় নিরাপত্তা ও প্রযুক্তিগত বিধিনিষেধের কারণে তাৎক্ষণিকভাবে দরজা খোলা সম্ভব হয়নি। এ সময় কয়েকজন প্রতিবাদও জানান বলে জানা গেছে।

বিষয়টি জানতে পেরে ট্রেনের কর্মীরা টুন্ডলা রেলওয়ে কন্ট্রোল রুমে খবর দেন। কন্ট্রোল রুমের নির্দেশনায় সকাল ১০টা ৪৯ মিনিটের দিকে ট্রেনটি ইটাওয়া জংশনে থামানো হয়।

পরে স্টেশন সুপারিনটেনডেন্ট পিএম মীনা, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) পরিদর্শক দিনেশ কুমার সিং এবং সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক যদুবীর সিং পুলিশ সদস্যদের নিয়ে সেখানে পৌঁছান। আরপিএফ ও জিআরপির যৌথ দল ১২ জনকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনে।

এরপর তাদের আরপিএফ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হয়। বৈধ অনুমতি ছাড়া ট্রেনে ওঠা ও রেলওয়ের নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার রুপি করে জরিমানা আদায় করে রেলওয়ের বাণিজ্যিক বিভাগ। পরে ভবিষ্যতে টিকিট বা অনুমতি ছাড়া ট্রেনে না ওঠার সতর্কবার্তা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিষয়:ইটাওয়া জংশন কানপুর সেন্ট্রাল রেলস্টেশন ট্রেনে উঠে বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেস
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…