ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কাইলিয়ান এমবাপেকে দলে নিতে প্রায় ৩০০ মিলিয়ন খরচ করতে চায় ইংলিশ ক্লাব লিভারপুল। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার একজন এজেন্ট এ তথ্য জানিয়েছেন।
ফিফার এজেন্ট মার্কো কারদেমির বলছেন, পিএসজি তারকা এমবাপের সাথে চুক্তি করতে অলরেডরা প্রায় ৩০০ মিলিয়ন খরচে আগ্রহী।
২০২৫ সালের পর প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে আর চুক্তি বাড়াচ্ছেন না। ২৪বর্ষী তারকার এমন বক্তব্যের পর তার উপর নাখোশ হয়েছেন পার্ক ডে প্রিন্সেস কর্তৃপক্ষ।
কারদেমির স্প্যানিশ গণমাধ্যমকে বলেন, ‘আগামী সপ্তাহে খবর আসতে পারে। আমাদের কাছে ইংল্যান্ড এবং জার্মানির খবর আছে। এমবাপেকে দলে টানতে রিয়াল মাদ্রিদের সাথে প্রতিযোগিতা করছে লিভারপুল এবং সেই মূল্য ৩০০ মিলিয়নের আশেপাশে হতে পারে।’
এমবাপের উপর পিএসজির ক্লাব কর্তৃপক্ষ ‘খুবই রাগান্বিত’ বলে কারদেমিরের বক্তব্যে উঠে এসেছে। কারণ ফ্রেঞ্চ জায়ান্টরা তার সঙ্গে ‘চুক্তি নবায়ন হতে যাচ্ছে মর্মে নিশ্চিত ছিলেন।’







