ক্যান্সার হয়েছে মেয়েদের কোচ পিটার বাটলারের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। ৬০ বর্ষী এ ইংলিশ কোচের ক্যান্সার ধরা পড়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকটি সূত্র তার ক্যান্সার ধরা পড়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। পরে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে পিটার বাটলার তার ক্যান্সারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত অক্টোবরের শেষ দিকে হঠাৎ অসুস্থ হন বাটলার। এরপর ছুটি নিয়ে নিজের দেশ ইংল্যান্ডে ফিরে যান অভিজ্ঞ এ কোচ। এরপর থেকেই তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে তার অন্যান্য সমস্যাতে বাংলাদেশের ডাক্তার দেখিয়েছেন।
বাটলার নিজের সবশেষ শারিরীক অবস্থা নিয়ে বলেন, ‘এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। তবে আমার ক্যান্সার ধরা পড়েছে। আমি একজন লড়াকু মানুষ, আমি এর শেষ দেখে ছাড়ব।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, পিটার বাটলারের লিভারে টিউমার ধরা পড়েছে। ডাক্তারের পরামর্শের পর তিনি নিজের দেশ ইংল্যান্ডেই চিকিৎসা করাতে চান। পরবর্তী ব্যবস্থা সেখান থেকেই নিতে চান।
ডিসেম্বরের ১ ও ৫ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গত ৩০ অক্টোবর থেকে সহকারী কোচ আবুল হোসেনের অধীনে চট্টগ্রামের কেইপিজেড মাঠে নিবিড় আবাসিক ক্যাম্প করছে মেয়েদের দল। এর আগেই অন্তর্বর্তীকালীন কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিতে চাইছে বাফুফে। ফরাসি কোচ এরিক মেয়ারের নামটিই এখন বাফুফের টেবিলে সবচেয়ে আলোচিত।
ইংলিশ কোচ পিটার বাটলার ২০২৩ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যুক্ত হন। তখন তিনি বাফুফের এলিট একাডেমির দায়িত্ব দিয়ে কাজ শুরু করেন। এরপর ২০২৪ সালের মার্চে তাকে মেয়েদের জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়। তার অধীনেই ২০২৪ সালে বাংলাদেশ দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে।






