আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন মানবিক সংকটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায় মাস্তুল ফাউন্ডেশন। এ লক্ষ্যে দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের অনুমোদনক্রমে আন্তর্জাতিক মানবিক কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে একটি নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি ও ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রস্তাব তুলে ধরেন মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান। অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও মাস্তুল ফাউন্ডেশনের প্রতিনিধিরা যৌথভাবে শিক্ষার্থীদের হাতে এ সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে তুরস্ক, ফিলিস্তিনের গাজা, সুদান ও নেপালসহ বিভিন্ন দেশে মাস্তুল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। এসব অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক মানবিক সহায়তায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে কাজী রিয়াজ রহমান বলেন, ‘বাংলাদেশ আয়তনে ছোট হলেও এ দেশের মানুষের হৃদয় অনেক বড়। বিশ্বের যেকোনো মানবিক সংকটে আমরা বাংলাদেশের লাল-সবুজের পতাকা পৌঁছে দিতে চাই। বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রস্তাব, এমন একটি নীতিমালা তৈরি করা হোক, যার মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলো সরকারি অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বের বিভিন্ন মানবিক সংকটে কাজ করতে পারে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক মেজর জেনারেল (অব.) কাজী ইফতেখার-উল-আলম। সংস্থাটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি এবং ফাউন্ডেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান।
প্রধান অতিথি মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের বিভিন্ন দুর্যোগে, বিশেষ করে সংকটের সময়ে মাস্তুল ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ায়। ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সংস্থাটির দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, মাস্তুলের উদ্যোগ দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার পরিচয় বহন করে।
ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম তার বক্তব্যে দেশ-বিদেশে মাস্তুল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ফাউন্ডেশনের প্রতিটি উদ্যোগ মানুষের কল্যাণে পরিচালিত হচ্ছে। বিশেষ করে ‘মাস্তুল মেহমানখানা’ প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষকে বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে।
সমাপনী বক্তব্যে এম এ আকমল হোসেন আজাদ বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় মাস্তুল ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।
২০১২ সালে কাজী রিয়াজ রহমানের উদ্যোগে পথশিশুদের শিক্ষার মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। ১৪ বছরে সংস্থাটির কার্যক্রম খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আশ্রয় ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। করোনাকালে মরদেহ দাফন, বিভিন্ন সময়ের বন্যায় ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ, টিউবওয়েল স্থাপন ও মসজিদ পুনর্নির্মাণের মতো উদ্যোগও নিয়েছে সংস্থাটি।
‘মাস্তুল মেহমানখানা’ প্রকল্পের আওতায় রাজধানীর ২০টি নির্ধারিত স্থানে প্রতিদিন বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ ছাড়া যাকাতভিত্তিক স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে অসচ্ছল মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করা হচ্ছে। ঢাকার হাজারীবাগে এতিম ও বয়স্কদের জন্য পরিচালিত হচ্ছে ‘মাস্তুল ইসলামিক সেন্টার’।
অনুষ্ঠানে বক্তারা মাস্তুল ফাউন্ডেশনের দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে আগামী দিনে সংস্থাটির আরও বড় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।






