বিনোদন

ঢাকাই সিনেমার স্বর্ণালি সময়ের এক উজ্জ্বল নাম শাবানা

ঢাকাই সিনেমার স্বর্ণালি সময়ের এক উজ্জ্বল নাম শাবানা

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে উজ্জ্বল এক নাম শাবানা। কোটি দর্শকের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত এই অভিনেত্রী ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত প্রায় চার দশক দাপটের সঙ্গে অভিনয় করেছেন। একসময় সিনেমা হলে মা-খালাদের সঙ্গে ছবি দেখতে যাওয়া শিশুদের কাছেও শাবানা, রাজ্জাক ও কবরী ছিলেন অতি পরিচিত মুখ। তখনকার ছয়-সাত বছরের শিশুরাও এই তারকাদের নাম ও মুখ চিনতে ভুল করত না।

শিশুশিল্পী হিসেবে এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শাবানার চলচ্চিত্রযাত্রা শুরু। পরে একই পরিচালকের ‘চকোরী’ ছবিতে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। এতে তার বিপরীতে অভিনয় করেন নাদিম। ষাটের দশকে শাবানা-নাদিম জুটি একাধিক বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে।

সেই সময় রেডিওতে প্রায়ই শোনা যেত বশীর আহমেদ ও জিনাত রেহানার কণ্ঠে জনপ্রিয় গান, ‘আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ/রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ।’ গানটির জনপ্রিয়তাকে ঘিরে শাবানা-নাদিম জুটিকে নিয়ে তৈরি হয়েছিল মজার একটি গানও। ‘শাবানার হাতে আছে একরাশ নীল, নাদিমের আছে কিছু গন্ধ/শাবানার গায়ে জ্বলে জোনাকি, নাদিমের বুকে মৃদু ছন্দ।’ সময়ের সেই স্মৃতিগুলো আজও অনেক দর্শকের মনে অমলিন।

পরবর্তী সময়ে রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন শাবানা। এই জুটির ‘মধু মিলন’ ছিল দর্শকপ্রিয় একটি সিনেমা। ছবিতে ফেরদৌসী রহমানের কণ্ঠে শাবানার ঠোঁটে ‘কথা বল না বল ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব’ গানটি সে সময় রেডিওর অনুরোধের আসরে নিয়মিত শোনা যেত।

শাবানা-রাজ্জাক জুটির আরেক স্মরণীয় চলচ্চিত্র কাজী জহির পরিচালিত ‘অবুঝ মন’। ছবিটি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। একাধিকবার সিনেমাটি দেখেছেন এমন দর্শকের সংখ্যাও ছিল কম নয়। ময়মনসিংহের স্মৃতিচারণ করতে গিয়ে একজন দর্শক জানিয়েছেন, গ্রাম থেকে আত্মীয়স্বজন তার বাসায় এসেছিলেন ‘অবুঝ মন’ দেখতে। তার বড় ভাই তখন নতুন চাকরিতে যোগ দিয়েছেন। টাঙ্গাইল থেকে সিনেমাটি দেখে এসেও প্রতি সপ্তাহে ময়মনসিংহের ছায়াবানী হলে গিয়ে ছবিটি দেখতেন।

‘অবুঝ মন’ চলচ্চিত্রে শাবানার প্রথম দৃশ্যটিও দর্শকের মনে রাখার মতো। ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তে রাজ্জাকের চরিত্র মাসুদ দ্রুত একটি কামরায় উঠে পড়লে শাবানার চরিত্র মাধবী বিরক্ত হয়ে বলে ওঠে, ‘এটা আমার রিজার্ভ করা কম্পার্টমেন্ট।’ এভাবেই পরিচয় হয় মাধবী ও মাসুদের। ছবির শেষ দৃশ্যে মাধবীর একটি সংলাপ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানবতার বার্তা দেয়। বিজয়ের জীবন বাঁচাতে মাসুদ নিজের চোখ দান করেছে জানতে পেরে মাধবী বলে, ‘আজ আমি বুক ফুলিয়ে, মাথা উঁচু করে বলব, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই।’ অসাম্প্রদায়িক চেতনার এই বক্তব্য ‘অবুঝ মন’ চলচ্চিত্রকে বিশেষ মাত্রা দিয়েছিল।

রাজ্জাক ছাড়াও বুলবুল আহমেদ, উজ্জ্বল, জসিম ও ওয়াসিমসহ ঢালিউডের বিভিন্ন প্রজন্মের নায়কের বিপরীতে অভিনয় করেছেন শাবানা। তবে আলমগীরের সঙ্গে তার জুটি বিশেষভাবে দর্শকপ্রিয়তা পায়। শাবানা-আলমগীর জুটি প্রায় ১৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছে। আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ ছবিতে এই জুটির অভিনয় আজও দর্শকের কাছে স্মরণীয়। তাদের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সত্যের মৃত্যু নেই’, ‘মরণের পরে’, ‘পিতা-মাতা সন্তান’ ও রোমেনা আফাজের গল্প অবলম্বনে নির্মিত ‘মধুমিতা’।

এ ছাড়া শাবানার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আগুন’, ‘বধূ বিদায়’, ‘দুই পয়সার আলতা’, ‘সখী তুমি কার’, ‘সেতু’, ‘সমাধান’, ‘চৌধুরী বাড়ি’, ‘অনুরাগ’, ‘রজনীগন্ধা’, ‘চাপা ডাঙ্গার বউ’, ‘পুত্রবধূ’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘জজ সাহেব’। এসব চলচ্চিত্রে কখনো প্রেমিকা, কখনো স্ত্রী, কখনো মা, আবার কখনো সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে নারী দর্শকের কাছে সাবানা হয়ে উঠেছিলেন পরিচিত জীবনের গল্প বলা এক প্রিয় মুখ।

শাবানার অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা। তার অভিনয়ে যেমন ছিল দৃঢ়তা, তেমনি ছিল আবেগ ও স্বাভাবিকতার মেলবন্ধন। পর্দায় বিভিন্ন বয়স ও শ্রেণির নারীর জীবনকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারতেন তিনি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের অবস্থান তৈরি করেন শাবানা। স্বামী ওয়াহিদ সাদিককে সঙ্গে নিয়ে গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশন। চট্টগ্রামের রাউজানে জন্ম নেওয়া আফরোজা সুলতানা রত্না চলচ্চিত্রে এসে পরিচিত হন ‘শাবানা’ নামে। পরিচালক এহতেশামই তার এই নামকরণ করেন।

১৯৫২ সালের ১৫ জুন জন্ম নেওয়া শাবানার সঙ্গে ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রযোজক ওয়াহিদ সাদিক। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাদের সংসার। ২০০১ সাল থেকে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ‘ঘরে ঘরে যুদ্ধ’ তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র।

দীর্ঘ অভিনয়জীবনে শাবানা একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১৭ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। চলচ্চিত্রে তার অবদান কেবল অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কয়েক প্রজন্মের দর্শকের আবেগ ও স্মৃতির সঙ্গে মিশে আছে তার অভিনয়।

বাংলাদেশের চলচ্চিত্রের এই গুণী শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

বিষয়:আলমগীর ঢাকাই সিনেমা রাজ্জাক শাবানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…