শিক্ষা

ছাত্রদল-ছাত্রশক্তি এক হয়ে আওয়ামী সংশ্লিষ্টদের ধরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

ছাত্রদল-ছাত্রশক্তি এক হয়ে আওয়ামী সংশ্লিষ্টদের ধরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে এক শিক্ষককেও হেনস্তা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে ওই কর্মকর্তাদের মারধর করা হয়।

মারধরের শিকার কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। হেনস্তার শিকার শিক্ষক বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম।

মারধরের পর পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। এ সময় তাদের পুলিশের কাছে দেওয়ার দাবিও জানান তারা।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের দাবি, দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী জড়িত। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এমন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করে তাদের খুঁজে বের করা হচ্ছে বলেও জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ‘আজকের ঘটনায় বিভিন্ন দপ্তরের পাঁচজন কর্মকর্তাকে ধরে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতারা আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জমা দিতে বলা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।’

কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধরার দায়িত্ব ছাত্র সংগঠনকে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘অবশ্যই না। এর আগে আমাদের প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আমি নিজেও এর সদস্য। আমরা বারবার নোটিশ দিয়েও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ না পেলে প্রশাসনিক ব্যবস্থা কীভাবে নেব?’

বিষয়:আ.লীগ সংশ্লিষ্টতা আওয়ামী লীগ ছাত্রদল ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষককে হেনস্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…