গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, এসব ঘটনা প্রমাণ করে গোপালগঞ্জ ছাড়া সারা দেশে তাদের কোনো অস্তিত্ব নেই।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।
এর আগে রোববার গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে তাদের মিছিল করতে দেখা যায়। এ সময় অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। কারও কারও মাথায় হেলমেটও দেখা যায়।
মিছিল চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটে।
বিকেলে টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে আগুন দেওয়া হয়। এ ছাড়া বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে উল্লেখ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।





