অন্যান্য খেলা

কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার, পুরুষে ফয়সাল ও নারীতে মুক্তি চ্যাম্পিয়ন

কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার, পুরুষে ফয়সাল ও নারীতে মুক্তি চ্যাম্পিয়ন

সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ এবং নারী বিভাগে একই বাহিনীর মুক্তি খাতুন প্রথম স্থান অর্জন করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ২০ জন সাঁতারু অংশ নেন। এর মধ্যে পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে ১৮ জন বাছাইকৃত সাঁতারু এবং স্বাগতিক হিসেবে রাঙামাটি থেকে দুই বিভাগে একজন করে অংশ নেন।

সংগৃহীত

কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় বিএফডিসি ঘাঁটি এলাকায়। এতে পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।

পুরুষ বিভাগে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ। নারী বিভাগে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার এবং তৃতীয় হয়েছেন একই বাহিনীর পলি খাতুন।

প্রতিযোগিতা শেষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্টেডিয়ামে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতা সফলভাবে শেষ করা প্রত্যেক সাঁতারুকেও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে বাহিনীটি। এর মাধ্যমে সম্ভাবনাময় সাঁতারুদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে।

বিষয়:এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কাপ্তাই লেক দীপেন দেওয়ান নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনী সাঁতার প্রতিযোগিতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…