বাংলাদেশ

গোপালগঞ্জ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, রাজনৈতিকভাবে ফিরে আসার মতো সাংগঠনিক শক্তি ও গ্রহণযোগ্যতা হারিয়েছে দলটি। জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’ এর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডই আওয়ামী লীগের রাজনীতির মূল ধারা। এটি তাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে গোপালগঞ্জকেন্দ্রিক যে রাজনৈতিক ধারা তারা চালিয়ে এসেছে, তারই ধারাবাহিকতায় সারা দেশ থেকে পলাতক আসামি ও সন্ত্রাসীদের সেখানে জড়ো করে একটি মহড়া দেখানো হয়েছে। জুলাই অভ্যুত্থানকে যে দল অস্বীকার করে, তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।

ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি দেশে ফিরবেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণাকে রাজনৈতিক ব্লাফ হিসেবে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তার মতে, বর্তমান পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টি সরাতেই গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। দলটির সাংগঠনিক অবস্থান ও রাজনৈতিক তৎপরতাও এখন এমন পর্যায়ে নেই, যেখান থেকে তারা আবার জাতীয় রাজনীতিতে ফিরে আসতে পারে।

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আন্দালিব রহমান পার্থ বলেন, তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতা মোকাবেলা করে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। ফ্যামিলি কার্ডসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।

এসময় রাষ্ট্রীয় মদদে গুম, ব্যাংক লুট, বিদ্যুৎ খাতে দুর্নীতি কিংবা এস আলমের মতো নতুন কোনো ঘটনার অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার রোধ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা প্রয়োজন।

বিষয়:আওয়ামী লীগ আন্দালিব রহমান পার্থ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…