শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নে সহযোগিতা করতে আগ্রহী ইউনেস্কো

ছবি: সংগৃহীত।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণ আধুনিকায়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বাড়ানো, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতা পেশার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন সুসান ভাইজ। তিনি সব ধারার শিক্ষকদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নের পাশাপাশি চাকরিতে যোগদানের আগে ও কর্মজীবনে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেন।
এ ছাড়া শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, কার্যকর মূল্যায়ন পদ্ধতি চালু এবং স্বাস্থ্য ও টেকসই উন্নয়নবিষয়ক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন সুসান ভাইজ। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়টিও আলোচনায় তুলে ধরেন তিনি।
বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে ডিজিটাল কনটেন্ট ও শিক্ষা প্রযুক্তি (এডটেক) খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
মাহ্দী আমিন আরও বলেন, শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলমান। এসব উদ্যোগের মাধ্যমে শহরের পাশাপাশি প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের কাছেও উন্নত শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এ সময় শিক্ষকদের পাঠদানের মান নিশ্চিত করতে কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন মাহ্দী আমিন।
বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উভয় পক্ষই বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে দৃঢ় ঐকমত্য পোষণ করেন।





