জনপদ

বিবাহের কাজী নিয়োগের নতুন বিধিমালা বাতিলের দাবিতে দেশজুড়ে কর্মবিরতি

বিবাহের কাজী নিয়োগের নতুন বিধিমালা বাতিলের দাবিতে দেশজুড়ে কর্মবিরতি

প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে একাধিক নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের উদ্যোগ বাতিলসহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় কর্মবিরতি, কলম বিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) জয়পুরহাট, কক্সবাজার ও কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বাড়ানো, শূন্য পদে স্থায়ী নিয়োগ এবং নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

জয়পুরহাট জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্ট্রার বহাল রাখা উচিত। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একাধিক কাজী নিয়োগ করা হলে তাদের পেশাগত জীবিকা হুমকির মুখে পড়বে।

তাদের ভাষ্য, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। এ থেকে পাওয়া ফি থেকে ভ্যাট ও কর পরিশোধের পর যে অর্থ থাকে, তা দিয়ে সংসার চালানোই কঠিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে একাধিক কাজী নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে।

কিশোরগঞ্জেও একই দাবিতে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। সেখানে নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি এ কে এ বুলবুল ইসলাম বলেন, হাওরাঞ্চলে বছরের নির্দিষ্ট কয়েক মাস ছাড়া বিয়ের সংখ্যা খুবই কম থাকে। কোনো কোনো এলাকায় মাসে মাত্র তিন-চারটি বিয়ে নিবন্ধনের সুযোগ পাওয়া যায়। এই সীমিত আয়ের মধ্যে একটি ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের পরিবার-পরিজন নিয়ে চলা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, ফসল ওঠার পর দুই-তিন মাস বিয়ের সংখ্যা কিছুটা বাড়লেও বছরের অন্য সময়ে কাজের সুযোগ কম থাকে। তাই বিদ্যমান নিয়োগ কাঠামো পরিবর্তনের আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। ১৯৯৩ সালের গেজেট অনুযায়ী নিকাহ রেজিস্ট্রার নিয়োগের কাঠামো বহাল রাখারও আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন করে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত খসড়ায় নিকাহ রেজিস্ট্রারদের প্রচলিত কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করার পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে কাজী নিয়োগের প্রস্তাব রয়েছে। সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরও এ পদে নিয়োগের সুযোগ রাখার উদ্যোগ নিয়েও আপত্তি জানান তারা।

অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের জেলা শাখার সভাপতি কাজী শাহাদাতুল ইসলাম পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে লাইসেন্সে উল্লেখ করা কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা, শূন্য পদে স্থায়ী নিয়োগ, মৃত বা অবসর নেওয়া নিকাহ রেজিস্ট্রারের যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স প্রদান, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি এবং নিকাহ রেজিস্ট্রার নিয়োগের যোগ্যতা ফাজিল ডিগ্রি নির্ধারণ। পাশাপাশি নতুন বিধিমালা প্রণয়নের সময় নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন শুধু প্রশাসনিক কাজ নয়। এর সঙ্গে ইসলামী শরিয়াহ ও মুসলিম পারিবারিক আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। দেনমোহর, ইজাব-কবুল, অভিভাবকত্ব ও তালাকসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান ও দক্ষতা থাকা জরুরি। তাই শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে এ পদে নিয়োগের সুযোগ রাখা উচিত নয়।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নিকাহ রেজিস্ট্রাররা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এলেও পেশাগত নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক ও আইনি সুরক্ষার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কর্মসূচিতে তিন জেলার নিকাহ রেজিস্ট্রার সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা অংশ নেন। কক্সবাজারে কর্মসূচি শেষে জেলা কার্যালয়ে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

নিকাহ রেজিস্ট্রারদের নেতারা জানান, পেশাগত মর্যাদা, অধিকার ও জীবিকার সুরক্ষায় তারা ঐক্যবদ্ধ। তাদের দাবিগুলো বিবেচনা করে নতুন বিধিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিষয়:অবস্থান কর্মসূচি কর্মবিরতি কলম বিরতি কাজী নিকাহ রেজিস্ট্রার মানববন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…