বাঙালি জাতির রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছেন হুমায়ূন আহমেদ
চ্যানেল আইয়ে তিন দিনব্যাপী হুমায়ূন বইমেলার উদ্বোধনে ইমদাদুল হক মিলন

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা মৃত্যুর পরও কমেনি, বরং বেড়েছে। বাঙালির হৃদয়ে মিশে থাকা এই লেখক প্রজন্ম থেকে প্রজন্মে অমর হয়ে থাকবেন। তার সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন পাঠকের মনে। এমন মন্তব্য করেছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
শুক্রবার (১৩ নভেম্বর) হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
ইমদাদুল হক মিলন বলেন, ‘হুমায়ূন আহমেদ এমন একজন লেখক, যিনি বাঙালির অন্তর স্পর্শ করেছেন। একজন লেখককে যথাযথভাবে বিচার করতে হলে তার সব লেখা পড়তে হয়। হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা মৃত্যুর পর কমেনি, বরং বেড়েছে। বাঙালি জাতির রন্ধ্রে রন্ধ্রে তিনি মিশে গেছেন। প্রজন্ম থেকে প্রজন্মে তিনি অমর হয়ে থাকবেন। তার সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে আছেন।’
কথাসাহিত্যিকের মতে, একজন লেখকের প্রকৃত মূল্যায়ন করতে হলে তার সামগ্রিক সাহিত্যকর্মের সঙ্গে পরিচিত হওয়া জরুরি। হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের ব্যাপ্তি ও পাঠকের সঙ্গে তার গভীর সংযোগই তাকে সময়ের সীমানা ছাড়িয়ে নিয়ে গেছে।
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই ও প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ যৌথভাবে এ বইমেলার আয়োজন করেছে। শুক্রবার বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল হক, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, কবি রেজাউদ্দিন স্টালিন, চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, শাহ আলম কিরণ, লেখক জামাল রেজা, কবি রাজু আলীম, শিশুসাহিত্যিক ইমরান পরশ সহ লেখক পাঠক এবং হুমায়ূন আহমেদ-এর গুণগ্রাহী অনেকে।






