আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া আলোচনায় ইউরোপকে রাখতে পুতিনের সম্মতি

ইউক্রেন-রাশিয়া আলোচনায় ইউরোপকে রাখতে পুতিনের সম্মতি

সংগৃহীত

ইউক্রেইন যুদ্ধ বন্ধে পরবর্তী শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করতে সম্মতি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে,

বৃহস্পতিবার ১২ নভেম্বর ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন দূত স্টিভ উইটকফ এ তথ্য জানান। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, পরবর্তী বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নেবেন। তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার এবং আলোচনায় তাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, ইউরোপীয় পক্ষের অবস্থানে বড় পরিবর্তন লক্ষ্য করেছে ওয়াশিংটন। আলোচনায় তাদের যুক্ত করা হলে শান্তি প্রক্রিয়ার অগ্রগতিতে বাধা সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জবাবে পুতিন বলেন, মস্কো কখনোই ইউরোপের সঙ্গে সংলাপ বন্ধ করেনি। বরং ইউরোপীয় ইউনিয়নই রাশিয়ার সঙ্গে আলোচনা থেকে সরে গিয়েছিল। তবে ইউরোপীয় দেশগুলো ইউক্রেইনে শান্তি চায়, নাকি যুদ্ধ অব্যাহত রাখতে চায়, তা বুঝতে ওয়াশিংটনকে তাদের সঙ্গে কাজ করতে হবে। ইউক্রেইনে শান্তিচুক্তির পর পশ্চিমা সেনা মোতায়েনের ইউরোপীয় পরিকল্পনা নিয়ে সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট। তাদের এমন পদক্ষেপ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হবে এবং নতুন করে যুদ্ধের সূচনা করতে পারে বলে মনে করেন তিনি।

তবে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি। তিনি ইউরোপের বর্তমান অবস্থানকে ‘অন্তহীন যুদ্ধের ফর্মুলা’ বলে আখ্যা দেন।

এদিকে ক্রেমলিনে বৈঠকের পর উইটকফ ও কুশনার আয়ারল্যান্ডের ডাবলিনে গিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। পরবর্তী শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনাকে স্বাগত জানান ইউক্রেইনের প্রেসিডেন্ট। পাশাপাশি আলোচনার পরবর্তী সূচিতে যুদ্ধবিরতি ও সংঘাত প্রশমনের বিষয়গুলো রাখার আশা প্রকাশ করেন তিনি।

চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দিনের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। গত নয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে সেটিই ছিল প্রথম সরাসরি আলোচনা। সেখানে কিছু অগ্রগতি হলেও ইউক্রেইনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ এবং পূর্বাঞ্চলীয় দোনবাসের ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্য কাটেনি।

আলোচনায় পূর্ব ইউক্রেইনের কস্তিয়ানতিনিভকা শহরে যৌথ রুশ-ইউক্রেইনীয় মানবিক মিশন পরিচালনার প্রস্তাব দেন পুতিন। বর্তমানে শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি, যদিও কিইভ তা অস্বীকার করে আসছে। তবে শহরটিতে আটকে পড়া ৪০০ থেকে ৫০০ বেসামরিক নাগরিককে সরিয়ে নিতে এলাকাটি মাইনমুক্ত করতে পাঁচ দিন সময় লাগবে বলে জানান রুশ প্রেসিডেন্ট।

মার্কিন দূতেরা প্রস্তাবটিকে স্বাগত জানালেও ইউক্রেইনের আশঙ্কা, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া নিজেদের সামরিক বাহিনী পুনর্গঠন করতে পারে।

এদিকে ইউক্রেইনের অবকাঠামোতে রাশিয়ার হামলা এবং পাল্টা জবাবে রুশ তেল শোধনাগারগুলোতে ইউক্রেইনের ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার প্রভাবে রাশিয়ার কয়েকটি অঞ্চলে জ্বালানি সংকটও দেখা দিয়েছে।

তবে ভূখণ্ড নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি পুতিন। ইউক্রেইনের ভেতরে নিরাপত্তা বলয় বা বাফার জোন গড়ে তোলার দাবি এবং ২০২২ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেইনের চারটি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার অবস্থানে অনড় রয়েছেন তিনি। ফলে পরবর্তী আলোচনায় ইউরোপের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হলেও যুদ্ধের মূল বিরোধগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।

বিষয়:ইউক্রেইন যুদ্ধ ইউরোপীয় প্রতিনিধি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…