বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন হ্যারি কেন। শঙ্কা জেগেছিল তখনই, চোটে পড়তে চলেছেন বায়ার্ন মিউনিখ তারকা। শেষঅবধি হ্যামস্ট্রিংয়ের চোটে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেলেন ৩১ বর্ষী ইংল্যান্ড ফরোয়ার্ড।
রোববার বায়ার্ন মিউনিখ কেনের চোটের বিষয়টি জানিয়েছে। বলেছে, কেনের ডান হ্যামস্ট্রিংয়ে পেশীর টান লেগেছে। স্ক্যান করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জার্মান সংবাদমাধ্যমগুলো বলছে, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে কেনকে। তাতে ইংলিশ অধিনায়ক মিস করতে পারেন বেশ কয়েকটি ম্যাচ। মঙ্গলবার লেভারকুসেনের বিপক্ষে খেলা হচ্ছে না তার। ক্রিসমাসের ছুটির আগে আরও চারটি ম্যাচ খেলবে জার্মান ক্লাবটি।
শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চোট পান কেন। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের ৩৩ মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ১৯ ম্যাচে ২০টি গোল করেছেন তারকা ফরোয়ার্ড।







