আন্তর্জাতিক

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ চায় দিল্লি

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ চায় দিল্লি

ছবি: সংগৃহীত

বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত বৈঠক ও সহযোগিতামূলক উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।

শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, দুই পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হবে। বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় ভারত প্রস্তুত বলেও জানান তিনি।

এর আগে ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছে ভারত।

দুই দেশের কনস্যুলার সংলাপকে সামনে রেখে ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুশ ইনের অপপ্রয়াস বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে যাতে আলোচনা করা হয়, সে বিষয়ে মত এসেছিল।

২০১৭ সালে শুরুর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ নিয়ে চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের মে মাসে দিল্লিতে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয়।

বিষয়:দিল্লি বাংলাদেশ-ভারত কনস্যুলার ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…