আন্তর্জাতিক

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলসে আইগনার

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলসে আইগনার

ছবি: সংগৃহীত

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। মনোনয়ন চূড়ান্ত হলে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন ৬১ বছর বয়সী আইগনার।

রোববার (৮ নভেম্বর) নিজ দল মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সঙ্গে এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইলসে আইগনার বর্তমানে বাভারিয়ার রাজ্য পার্লামেন্টের স্পিকার। তিনি সিডিইউর সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তার মনোনয়ন অনুমোদনের কথা রয়েছে। এতে সমর্থন পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো হবে।

জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের শরিক দলগুলো সাধারণত প্রেসিডেন্ট পদে একজন অভিন্ন প্রার্থী বেছে নেয়। দেশটির বর্তমান সরকার সিডিইউ, সিএসইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) নিয়ে গঠিত। এরই মধ্যে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে এসপিডি।

জার্মানিতে প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন নামে একটি বিশেষ পরিষদ। আগামী ৩০ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি নির্বাচনে ভোট হওয়ার কথা রয়েছে।

২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া স্টাইনমায়ার দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, তার মেয়াদ শেষ হবে ২০২৭ সালের মার্চে।

জার্মানির প্রেসিডেন্টের দায়িত্ব মূলত আনুষ্ঠানিক হলেও রাষ্ট্রীয় ও রাজনৈতিক ক্ষেত্রে পদটির গুরুত্ব রয়েছে। প্রেসিডেন্ট আইন অনুমোদন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। পাশাপাশি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা পালন করেন।

চলতি বছরের শুরুতে সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে বিকল্প প্রার্থী বিবেচনার কথা বলে তখন তার প্রতি সমর্থন জানাতে দেরি করেন মের্ৎস। এতে ক্ষমতাসীন জোটের দুই শরিক দলের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়।

স্থানীয় রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন আইগনার। ১৯৯৮ সালে তিনি জার্মানির ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সরকারে কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। পরে বাভারিয়ায় ফিরে ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।

বিষয়:ইলসে আইগনার চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জার্মানি প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…