বাংলাদেশ

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার এবং দুই দেশের সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা করতে তিন দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বারবেল কফলার।

বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্তভাবে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, অর্থনৈতিক অভিযোজন সক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়গুলো সফরকালে আলোচনায় গুরুত্ব পাবে।

বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জার্মানি এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করতে চায়। পরিবর্তিত উন্নয়ন চাহিদার পরিপ্রেক্ষিতে প্রচলিত সহায়তা কাঠামোর বাইরেও নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সফরকালে ড. বারবেল কফলার দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রামে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাস আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উদ্‌যাপন অনুষ্ঠানেও যোগ দেবেন জার্মানির এই ভাইস মিনিস্টার। অনুষ্ঠানে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

১৯৯০ সালে কয়েক দশকের বিভক্তির অবসান ঘটিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একত্র হয়। ঐতিহাসিক এ ঘটনাকে স্মরণ করতেই প্রতিবছর ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উদ্‌যাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারবেল কফলারের এ সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জার্মানির অঙ্গীকারের প্রতিফলন।

বিষয়:জার্মান ভাইস মিনিস্টার জার্মানি ঢাকায় আসছেন তিন দিনের সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…