বাংলাদেশ

নুসরাত তাবাসসুমের বাড়ির আগুনে শর্ট সার্কিটের আলামত মেলেনি: পল্লী বিদ্যুতের এজিএম

নুসরাত তাবাসসুমের বাড়ির আগুনে শর্ট সার্কিটের আলামত মেলেনি: পল্লী বিদ্যুতের এজিএম

ছবি: সংগৃহীত

এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা তোজাম্মেল হক। তার ধারণা, বৈদ্যুতিক ত্রুটি নয়, অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। তোজাম্মেল হক কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম।

তিনি জানান, অগ্নিকাণ্ডের রাতেই তারা ঘটনাস্থলে গিয়ে বাড়িটির বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করেন। এ সময় বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি বাড়িটিতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজেও কোনো ক্ষতি দেখা যায়নি।

তোজাম্মেল হক বলেন, শর্ট সার্কিটের কারণে আগুন লাগলে সাধারণত বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এ ঘটনায় দুটির কোনোটিতেই ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। ফলে তাদের পর্যবেক্ষণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত মেলেনি। অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে শুক্রবার দুপুরের পর থেকে প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বক্তব্য নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এরই অংশ হিসেবে পল্লী বিদ্যুতের এই কর্মকর্তার জবানবন্দি নেওয়া হয়।

উল্লেখ্য, শুরু থেকেই নুসরাত তাবাসসুম দাবি করে আসছেন, তার বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। তার অভিযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

বিষয়:আগুন পল্লী বিদ্যুতের এজিএম সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…