রাগবি কিডস ফেস্টিভ্যালে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

আনন্দঘন পরিবেশ ও উৎসবমুখর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘রাগবি কিডস ফেস্টিভ্যাল-২০২৬’। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং গুলশান ইয়ুথ ক্লাবের সহযোগিতায় শনিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনালে ওল্ড ডি.ও.এইচ.এস ক্লাবকে ২-১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক গুলশান ইয়ুথ ক্লাব।
শনিবার বিকেল ৪টায় গুলশান ইয়ুথ ক্লাব মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ-সভাপতি ও কিডস রাগবি ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান তারেক চৌধুরী। বিকেল থেকে শুরু হওয়া এই ক্রীড়া উৎসব চলে রাত ৯টা পর্যন্ত।
দিনের প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হয় গুলশান ইয়ুথ ক্লাব ও ওল্ড ডি.ও.এইচ.এস ক্লাব। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ২-১ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে গুলশান ইয়ুথ ক্লাব। অন্যদিকে রানার-আপ হয় ওল্ড ডি.ও.এইচ.এস ক্লাব।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার উজ জামান, ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি তারেক চৌধুরী, ফেস্টিভ্যাল সম্পাদক ও যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ভরসা, সহ-সভাপতি মৌসুম আলী ও আতিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম।






