গোপালগঞ্জ

বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, আওয়ামী নেতা-কর্মী জড়িত বলে অভিযোগ বিএনপির

বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, আওয়ামী নেতা-কর্মী জড়িত বলে অভিযোগ বিএনপির

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকান ও একটি ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করছেন বিএনপি নেতারা।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে কিছু লোক। একপর্যায়ে তারা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেন। পাশাপাশি, বর্ণি বাজারে যুবদলের কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এদিকে, হামলার পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা বলেন, খালেক বাজারের কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয়। এসব ঘটনায় বিএনপির দুই থেকে তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব হামলা ও ভাঙচুর চালিয়েছেন।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলেও জানান তিনি।

ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে জানতে শনিবার রাত ১১টা ১৬ মিনিটে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিষয়:কুশলী ইউনিয়ন গোপালগঞ্জ বিএনপি ভাঙচুর ও অগ্নিসংযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…