এক ভুলে স্বপ্নভঙ্গ: ফুটবলের ইতিহাসে হৃদয় ভাঙার যত গল্প

মাত্র কয়েক সেকেন্ডের ভুল। কখনো একটি থ্রো, কখনো পা পিছলে যাওয়া, কখনো লক্ষ্যভ্রষ্ট পেনাল্টি। আর তাতেই শেষ হয়ে যায় বছরের পর বছর লালন করা স্বপ্ন।
বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে পাকিস্তানের কাছে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হারের ঘটনা মনে করিয়ে দিল বিশ্ব ফুটবলের এমনকিছু অবিস্মরণীয় ট্র্যাজেডি।
এসব ঘটনায় নায়ক হওয়ার খুব কাছ থেকে কেউ হয়েছেন পরাজয়ের প্রতীক, আবার কখনো শেষ মুহূর্তে একটি দল হারিয়েছে নিশ্চিত মনে হওয়া শিরোপা।
শ্রাবণের এক থ্রো, বাংলাদেশের ২১ বছরের অপেক্ষা আরও দীর্ঘ
ঢাকার জাতীয় স্টেডিয়াম। ১৪ নভেম্বর ২০২৬। গ্যালারিভর্তি দর্শক অপেক্ষায় বাংলাদেশের নতুন এক ইতিহাসের। প্রতিপক্ষ পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। ২০০৫ সালের পর প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। ম্যাচের বেশিরভাগ সময় সেই স্বপ্ন বাঁচিয়ে রাখছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে বিপদমুক্ত করেছিলেন তিনি। কিন্তু ৮৬ মিনিটে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। নিজের নিয়ন্ত্রণে থাকা বল সতীর্থের দিকে থ্রো করতে গিয়ে ভুল করে বসলেন শ্রাবণ। বল চলে গেল পাকিস্তানের খেলোয়াড়ের কাছে। দ্রুত আক্রমণ। আবদুল সামাদ শাহজাদের শট। বাংলাদেশের জালে বল।
মুহূর্তেই বদলে গেল জাতীয় স্টেডিয়ামের আবহ। পাকিস্তানের উল্লাস, বাংলাদেশের হতাশা। শেষ পর্যন্ত ১-০ গোলে হার। বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ, আর পাকিস্তান প্রথমবারের মতো সাফের ফাইনালে।
যে শ্রাবণ কিছুক্ষণ আগেও ছিলেন বাংলাদেশের রক্ষাকর্তা, সেই তিনিই হয়ে গেলেন সবচেয়ে আলোচিত চরিত্র।
সেটা মাঠেই বোঝা যায় হামজা চৌধুরীর এগিয়ে যাওয়া সতীর্থ গোলরক্ষকের দিকে। ম্যাচ শেষ হতেই পাকিস্তানের খেলোয়াড়রা এসে হামজাকে সান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের তারকার চোখ চলে যায় মাঠের আরেক প্রান্তে শ্রাবণের দিকে। অশ্রুসজল চোখে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ গোলরক্ষক। তার কাছে গেলেন এবং সান্ত্বনা দিলেন হামজা। হামজার বলা কথাগুলো শোনা যায়নি, তবে দুজনের শরীরী ভাষা বলে দিচ্ছিল, শ্রাবণকে সামলে নিচ্ছেন হামজা।
অবশ্য ফুটবল ইতিহাস বলে, এমন নির্মম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বিশ্বসেরা তারকারাও।
কারিউসের সেই থ্রো: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুঃস্বপ্ন
২৬ মে ২০১৮। ইউক্রেনের কিয়েভ। উয়েফা চ্যাম্পিয়নাস লিগের ফাইনাল। লিভারপুলের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
লিভারপুল গোলরক্ষক লরিস কারিউস বল হাতে নিয়েছিলেন। সাধারণ একটি মুহূর্ত। সতীর্থকে বল দিয়ে আক্রমণ শুরু করতে চেয়েছিলেন। কিন্তু তার ছোঁড়া বল করিম বেনজেমার বাড়ানো পায়ে লেগে সরাসরি ঢুকে যায় জালে!
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এমন ভুল যেন বিশ্বাসই হচ্ছিল না। এখানেই শেষ নয়। পরে গ্যারেথ বেলের দূরপাল্লার শটও ঠিকমতো আটকাতে পারেননি কারিউস। রিয়াল মাদ্রিদ জেতে ৩-১ গোলে। কারিউসের দুটি ভুল হয়ে যায় ফাইনালের সবচেয়ে আলোচিত ঘটনা।
ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমা চান এই জার্মান গোলরক্ষক। পরবর্তী সময়ে চিকিৎসকরা জানান, ম্যাচ চলাকালে মাথায় আঘাত পেয়ে তিনি কনকাশনে আক্রান্ত হয়েছিলেন।
শ্রাবণের ঘটনার সঙ্গে কারিউসের ভুলের অদ্ভুত মিল। দুজনই বল বিতরণ করতে গিয়ে বিপদ ডেকে এনেছেন। একটি ভুল মুহূর্ত বদলে দিয়েছে পুরো ম্যাচের গল্প।
স্টিভেন জেরার্ডের পা পিছলে যাওয়া: হাতছাড়া প্রিমিয়ার লিগের স্বপ্ন
২৭ এপ্রিল ২০১৪। অ্যানফিল্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল বনাম চেলসি।
২৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল লিভারপুল। অধিনায়ক স্টিভেন জেরার্ড ছিলেন সেই স্বপ্নের সবচেয়ে বড় প্রতীক। প্রথমার্ধের শেষদিকে একটি সাধারণ বল নিয়ন্ত্রণ করতে গিয়ে পিছলে পড়ে যান জেরার্ড। সুযোগ পেয়ে বল নিয়ে ছুট দেন চেলসির ডেম্বা বা। গোল!
অ্যানফিল্ড স্তব্ধ। শেষ পর্যন্ত লিভারপুল হারে ২-০ গোলে। শিরোপার লড়াইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সিটি।
জেরার্ডের মতো কিংবদন্তি ফুটবলারের দীর্ঘ ক্যারিয়ারে কত অসাধারণ গোল, কত স্মরণীয় জয়। কিন্তু একটি পিছলে পড়ার দৃশ্যও ফুটবল ইতিহাসে স্থায়ী জায়গা করে নেয়। বহুবছর পরও সেই মুহূর্তের কষ্টের কথা বলেছেন জেরার্ড। একটি ভুল যে কত দীর্ঘ ছায়া ফেলতে পারে, তার অন্যতম উদাহরণ এই ঘটনা।
জন টেরির পেনাল্টি: কয়েক ইঞ্চির ব্যবধানে হারিয়ে যাওয়া ইউরোপসেরা হওয়ার সুযোগ
২১ মে ২০০৮। মস্কোর লুঝনিকি স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।
নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে স্কোর ১-১। পেনাল্টি শুটআউটে চেলসির সামনে সুবর্ণ সুযোগ। অধিনায়ক জন টেরি গোল করতে পারলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতবে চেলসি।
টেরি এগিয়ে এলেন। শট নেয়ার মুহূর্তে পিছলে গেল তার পা। বল আঘাত করল পোস্টে। যে পেনাল্টি চেলসিকে ইউরোপসেরা করতে পারত, সেটিই হয়ে গেল হৃদয়ভাঙার কারণ।
শেষ পর্যন্ত শুটআউটে জিতে শিরোপা নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। টেরির সেই পিছলে যাওয়া আজও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর একটি।
ফুটবল কতটা নির্মম হতে পারে! একজন অধিনায়ক পুরো মৌসুম দলকে নেতৃত্ব দিলেন, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান তার স্বপ্ন কেড়ে নিল।
রবার্তো বাজ্জিও: বিশ্বকাপ ফাইনালে আকাশে উড়ে যাওয়া দুঃস্বপ্ন
১৭ জুলাই ১৯৯৪। যুক্তরাষ্ট্রের পাসাডেনার রোজ বোল স্টেডিয়াম। বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল বনাম ইতালি।
ইতালিকে ফাইনালে তোলার অন্যতম নায়ক রবার্তো বাজ্জিও। পুরো প্রতিযোগিতায় তার অসাধারণ নৈপুণ্য ইতালিকে স্বপ্ন দেখিয়েছিল বিশ্বকাপ জয়ের। কিন্তু ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোন গোল হল না। ম্যাচ গড়াল টাইব্রেকারে।
ইতালির শেষ আশা তখন বাজ্জিওর পায়ে। গোল করতে হবে তাকে, না হলে ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন। বাজ্জিও শট নিলেন। বল উড়ে গেল ক্রসবারের উপর দিয়ে। ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ জয় নিশ্চিত হল। আর বাজ্জিও মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন মাঠে।
অবশ্য শুধু বাজ্জিওর ব্যর্থতায় ইতালি হারেনি। তার আগেও দুই ইতালিয়ান খেলোয়াড় পেনাল্টিতে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু শেষ শট নেয়ার কারণে পরাজয়ের সবচেয়ে বিখ্যাত প্রতীক হয়ে থাকলেন বাজ্জিও।
বিশ্বকাপের ইতিহাসে এমন বেদনাবিধুর দৃশ্য খুব কমই আছে।
আসামোয়াহ জিয়ান: একটি পেনাল্টিতে থেমে যাওয়া আফ্রিকার ইতিহাস
২ জুলাই ২০১০। সাউথ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ঘানার প্রতিপক্ষ উরুগুয়ে।
ম্যাচ ১-১ গোলে সমতায়। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্ত। ঘানার নিশ্চিত গোল হাত দিয়ে ঠেকালেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। লাল কার্ড দেখলেন তিনি। পেনাল্টি পেল ঘানা।
সামনে ঐতিহাসিক সুযোগ। গোল করলেই আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে ঘানা। বল নিয়ে দাঁড়ালেন আসামোয়াহ জিয়ান। শট নিলেন। বল আঘাত করল ক্রসবারে! ঘানার সমর্থকরা যেন বিশ্বাস করতে পারছিলেন না। যে ইতিহাস লেখা হতে পারত কয়েক সেকেন্ড আগে, সেটি আর লেখা হল না। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে সেমিফাইনালে যায় উরুগুয়ে।
আরও বিস্ময়কর ব্যাপার, টাইব্রেকারে নিজের শটটি ঠিকই গোল করেছিলেন জিয়ান। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তের সেই পেনাল্টির ব্যর্থতা ততক্ষণে নির্ধারণ করে দিয়েছে তার জীবনের সবচেয়ে বেদনাবিধুর ফুটবল স্মৃতিগুলোর একটি।
ভুলের পরেও মানুষ, ভুলের পরেও ফুটবল
ফুটবল ইতিহাসে ফিরে তাকালে দেখা যায়, এসব ঘটনার মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে।
কারিউসের ভুল থ্রো, জেরার্ডের পিছলে পড়া, টেরির লক্ষ্যভ্রষ্ট পেনাল্টি, বাজ্জিওর শট, জিয়ানের ক্রসবারে বল লাগানো; সবকিছুই ঘটে মুহূর্তের মধ্যে। অথচ সেই মুহূর্তগুলো মনে থেকে যায় বছরের পর বছর।
১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মেহেদী হাসান শ্রাবণও এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তার ভুল যে বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ করে দিয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এটাও সত্যি, ওই ভুলের আগে তিনিই অসাধারণ কয়েকটি সেভ করে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন।
একটি ফুটবল ম্যাচের ফল কখনো শুধু একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না। গোলের সুযোগ কাজে লাগানো, রক্ষণ সামলানো, সঠিক সিদ্ধান্ত নেয়া, সবকিছুই গুরুত্বপূর্ণ।
ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্যই সম্ভবত এখানে। এই খেলায় একজন মানুষ একই ম্যাচে নায়ক ও পরাজয়ের প্রতীক হয়ে উঠতে পারেন।
রবার্তো বাজ্জিও আজও কিংবদন্তি। স্টিভেন জেরার্ড আজও লিভারপুলের ইতিহাসের অন্যতম মহান অধিনায়ক। জন টেরির একটি পেনাল্টি ব্যর্থতা তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অর্জন মুছে দিতে পারেনি। তাই শ্রাবণের জন্যও শনিবারের সেই থ্রো তার পুরো ক্যারিয়ারের পরিচয় হয়ে থাকা উচিত নয়।
কারণ ফুটবল কখনো কখনো একটি ভুলকে ইতিহাস বানিয়ে ফেলে। কিন্তু একজন ফুটবলারের ইতিহাস কেবল একটি ভুল দিয়ে লেখা যায় না।






