অর্থনীতি

শিশুযত্ন কেন্দ্রের অভাবে কর্মক্ষেত্রে যাচ্ছেন না শহরের ৪০ শতাংশ নারী: বিশ্বব্যাংক

শিশুযত্ন কেন্দ্রের অভাবে কর্মক্ষেত্রে যাচ্ছেন না শহরের ৪০ শতাংশ নারী: বিশ্বব্যাংক

ছবি: সংগৃহীত

সাশ্রয়ী ও সহজলভ্য শিশুযত্ন কেন্দ্রের অভাব বাংলাদেশে নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্রের বাইরে থাকা শহরের প্রতি ১০ জন নারীর চারজনই জানিয়েছেন, শিশুযত্ন কেন্দ্রের সুবিধা না থাকায় তারা কাজে যোগ দিতে পারছেন না। সম্প্রতি বিশ্বব্যাংকের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, নির্ভরযোগ্য শিশুযত্ন কেন্দ্রের সংকট শুধু নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকেই বাধাগ্রস্ত করছে না, এর নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের বিকাশ ও পারিবারিক কল্যাণেও।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকার বাংলা একাডেমিতে আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ডকেয়ার কনফারেন্স ২০২৬’-এ গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। ‘চাইল্ডকেয়ার ইন বাংলাদেশ: হোয়াট ফ্যামিলিস নিড, হোয়াট প্রোভাইডারস ডেলিভার, অ্যান্ড হোয়্যার দ্য গ্যাপস রিমেইন’ শীর্ষক প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের সাউথ এশিয়া রিজিয়ন জেন্ডার ইনোভেশন ল্যাবের অর্থনীতিবিদ কেট ভিবর্নি।

দুই দিনব্যাপী এ সম্মেলনে নারীদের কর্মসংস্থান এবং শিশুদের শৈশবকালীন বিকাশে শিশুযত্ন কেন্দ্রের ভূমিকা নিয়ে আলোচনা করেন নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।

সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি), ব্র্যাক এবং বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে, ব্র্যাকের উপনির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের (বিআইইডি) নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম এবং সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন।

অনুষ্ঠানে কেট ভিবর্নি জানান, বাংলাদেশে ১৫ থেকে ২৯ বছর বয়সী প্রায় ৯৬ লাখ তরুণ-তরুণী রয়েছেন, যারা কোনো কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণে যুক্ত নন (এনইইটি); যাদের প্রায় দুই-তৃতীয়াংশই নারী। নারীদের ওপর অবৈতনিক সেবামূলক কাজের অসম বোঝা অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ সীমিত করার অন্যতম কারণ।

গবেষণায় দেখা গেছে, উপযুক্ত শিশুযত্ন কেন্দ্রের সুবিধা না থাকলে নারীদের প্রায়ই বেতনভুক্ত কাজ ছেড়ে দিতে হয়, সন্তানদের কর্মক্ষেত্রে নিয়ে যেতে হয় অথবা শিশুদের দেখাশোনার জন্য বড় ভাইবোনদের ওপর নির্ভর করতে হয়।

পরিবারগুলোর শিশুযত্নের চাহিদা, পছন্দ, সামর্থ্য এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বুঝতে বিশ্বব্যাংক গ্রামীণ, শহর ও উপশহর এলাকার ৪,৭০০টি পরিবারের ওপর জরিপ পরিচালনা করেছে। এ ছাড়া সেবাদানকারী পক্ষের পরিস্থিতি মূল্যায়নের জন্য ঢাকায় ৫১৪টি শিশুযত্ন কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহ করা হয়, যার মধ্যে ৩৩৫টি প্রতিষ্ঠান সেবার সহজলভ্যতা, মান, জনবল, সামর্থ্য ও আর্থিক সক্ষমতা বিষয়ে বিস্তারিত জরিপে অংশ নেয়।

গবেষণার তথ্য অনুযায়ী, শহরের মাত্র ০.১ শতাংশ নারী উত্তরদাতা আনুষ্ঠানিক ডে-কেয়ার সেন্টার ব্যবহারের কথা জানিয়েছেন, যেখানে প্রায় ২০ শতাংশ নারী শিশুর যত্নের জন্য বাড়িতে সেবাদানকারীর ওপর নির্ভর করেন।

গবেষণার ফলাফলে আরও বলা হয়েছে, মূলত স্বীকৃতিহীন এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষিত সেবাদানকারী ছাড়াই পরিচালিত হওয়া সত্ত্বেও অনানুষ্ঠানিক ও গৃহভিত্তিক ব্যবস্থা বাংলাদেশের শিশুযত্ন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে।

সরকারি, বেসরকারি এবং গৃহভিত্তিক কেন্দ্রগুলোর মধ্যে শিশুযত্নের মানেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। সরকারি পরিচালিত কেন্দ্রগুলোতে প্রশিক্ষিত কর্মী, উন্নত অবকাঠামো এবং খাবারের ব্যবস্থা থাকার সম্ভাবনা বেশি থাকে। তবে এগুলো প্রায়ই উচ্চ আয়ের এলাকাগুলোতে অবস্থিত এবং প্রায় অর্ধেক কেন্দ্রেই অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) রয়েছে।

অন্যদিকে, গৃহভিত্তিক শিশুযত্ন কেন্দ্রগুলোতে প্রায়ই মৌলিক নিরাপত্তা সুবিধার অভাব থাকে। সেবাদানকারী জরিপের আওতাভুক্ত গৃহভিত্তিক সেবাদানকারীদের কেউই আনুষ্ঠানিক প্রশিক্ষণ পাওয়ার কথা জানাননি।

গবেষণায় আরও দেখা গেছে, নৈকট্য ও আস্থা অভিভাবকদের শিশুযত্ন কেন্দ্র বেছে নেওয়ার সিদ্ধান্তকে বেশি প্রভাবিত করে। উপশহর এলাকার মায়েরা তাদের কর্মক্ষেত্রের পরিবর্তে বাড়ির কাছাকাছি অবস্থিত শিশুযত্ন সেবার জন্য মাসে ১ হাজার থেকে ১,৭০০ টাকা খরচে আগ্রহী ছিলেন। এ ছাড়া তারা বিশ্বস্ত কারও মাধ্যমে প্রদত্ত সেবার জন্য মাসে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বেশি দিতে ইচ্ছুক ছিলেন।

তবে কেবল শিশুযত্ন সুবিধার সহজলভ্যতাই আরও বেশি নারীকে কর্মসংস্থানে নিয়ে আসার জন্য যথেষ্ট নাও হতে পারে; কারণ নারীদের কাজের প্রতি পরিবারের দৃষ্টিভঙ্গি এবং বিধিনিষেধও তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে।

বিশ্বব্যাংকের গবেষণায় সেবার মান উন্নয়নের পাশাপাশি প্রবেশাধিকার সম্প্রসারণ করে এমন একটি সমন্বিত শিশুযত্ন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। নীতিগত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে কমিউনিটি-ভিত্তিক ও গৃহভিত্তিক সেবাকে সহায়তা প্রদান, নিম্ন আয়ের পরিবারগুলোকে লক্ষ্যভিত্তিক আর্থিক সহায়তা দেওয়া, সেবাদানকারীদের প্রশিক্ষণ এবং নিরাপত্তার মানদণ্ড জোরদার করা।

পর্যাপ্ত সহায়তা ছাড়া অতিরিক্ত কঠোর বিধিবিধান আরোপের বিষয়েও গবেষণায় সতর্ক করা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এমন পদক্ষেপ নিলে বিদ্যমান অনানুষ্ঠানিক সেবাদানকারীরা বন্ধ হয়ে যেতে পারে এবং নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য শিশুযত্নের বিকল্প আরও কমে যাবে।

বাংলাদেশের ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন ২০২১’-এ শিশুযত্ন কেন্দ্র নিবন্ধনের একটি কাঠামো দেওয়া হয়েছে, তবে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো শুরু হয়নি। গবেষণায় নিবন্ধন ও পরিদর্শনের সঙ্গে সেবাদানকারীদের প্রশিক্ষণ, নিরাপত্তা উপকরণ এবং নিয়মিত কমিউনিটি মতামতের সমন্বয় করার সুপারিশ করা হয়েছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বর্তমান সময়ে শিশুযত্ন একটা বড় ইস্যু। শিশুর যত্ন কে নিএই অনিশ্চয়তার কারণে অনেক নারী কাজে যেতে পারছেন না বা কর্মস্থল থেকে ঝরে পরছেন। এখানে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি। বিদ্যমান শিশু দিবাযত্ন কেন্দ্র আইনে কিছু জটিলতা রয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইনে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে।’

বিএনপি সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘সরকারের পক্ষ থেকে কমিউনিটিভিত্তিক শিশুযত্নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুযত্ন কেন্দ্র শুধু সেবার বিষয় না, বিনিয়োগ ও কর্মসংস্থানেরও সুযোগ। সরকার এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদেরও সুবিধা দিবে।’

সম্মেলনের প্রথম দিনে কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠোনে নীতিনির্ধারক, নিয়োগদাতা, শিশুযত্ন সেবাদাতা ও উদ্যোক্তা, উন্নয়ন অংশীদার, গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিষয়:‘ন্যাশনাল চাইল্ডকেয়ার কনফারেন্স ২০২৬’ বিশ্বব্যাংক মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শিশুযত্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…